তৃতীয় ধাপে দেশের এক হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ আজ রোববার শুরু হয়েছে। একই সঙ্গে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। তৃতীয় ধাপে ২৪ জেলার ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
তফসিল ঘোষণার পর থেকে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায় ৯ জন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘাতে অনেকে আহত হয়েছেন। ভোটের দিনেও সেই সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এর আগে দ্বিতীয় ধাপে ৩০ জন এবং প্রথম ধাপে ৫ জন প্রাণ হারান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ হাজার ২২২ জন। যাচাই–বাছাই ও আপিল শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ১৩৫। এর মধ্যে ৬৭১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নির্বাচনে ৫৬৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে ১০০ জন চেয়ারম্যান পদপ্রার্থী আছেন। এ ছাড়া সাধারণ সদস্যপদে ৩৩৭ জন এবং সংরক্ষিত নারী সদস্যপদে ১৩২ জন ভোট ছাড়াই জয় পেয়েছেন।
পঞ্চম ধাপের ভোট ৫ জানুয়ারি
পঞ্চম ধাপে দেশের ৭০৭টি ইউপিতে নির্বাচনের ভোট গ্রহণ আগামী বছরের ৫ জানুয়ারি। গতকাল শনিবার নির্বাচন কমিশনের এক সভা শেষে সংবাদ সম্মেলনে এই ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ ডিসেম্বর।
গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।