১০০০ টাকার নোট আর্থিক প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার উপায় বের করা অথবা একেবারে বাজার থেকে তুলে নেওয়ার ভাবনা কোথাও নেই। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার একটি দৈনিকে এ-সংক্রান্ত প্রকাশিত খবরটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, একেবারেই বস্তুনিষ্ঠ নয়’ উল্লেখ করেছে।কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, গত বুধবার (সংবাদপত্রে উল্লিখিত গতকাল) তিনি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) নিয়ে কোনো বৈঠকই করেননি। তিনি বলেন, ‘খবরটি একেবারেই বস্তুনিষ্ঠ নয়। উপরন্তু, আমি কারেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেমসের (মুদ্রা ও বিনিময় ব্যবস্থাপনা) সঙ্গে সংশ্লিষ্টও নই।’প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল ‘এক হাজার টাকার নোট নিয়ে ব্যাংকপাড়ায় চলছে উদ্বেগ-উৎকণ্ঠা। গত ডিসেম্বর থেকেই এই নোটের সংকট শুরু। শেয়ার কেলেঙ্কারির ঘটনার পরপরই ব্যাংকে ও মুদ্রাবাজারে এক হাজার টাকার নোটের স্বল্পতাও লক্ষ করা গেছে। এই নোটগুলো আর্থিক প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার উপায় বের করা অথবা একেবারে বাজার থেকে তুলে নেওয়া যায় কি না, তা ভাবা হচ্ছে।’ এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার জানান, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনো চিন্তাভাবনাও কেন্দ্রীয় ব্যাংকের নেই। তিনি এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।