১০২ উপজেলায় নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১০২টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব উপজেলায় ১৯ ফেব্রুয়ারি বুধবার ভোট গ্রহণ হবে। আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি শনিবার, মনোনয়নপত্র বাছাই হবে ২৭ জানুয়ারি সোমবার এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি সোমবার।
কমিশন সচিবালয় সূত্র জানায়, বর্তমানে উপজেলার সংখ্যা ৪৮৭টি। কমিশন কয়েক ধাপে এসব উপজেলায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশন মনে করে, কয়েক ধাপে নির্বাচন করা হলে প্রতিটি নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা যাবে। তাতে নির্বাচনী সহিংসতা হ্রাস পাবে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, উপজেলা নির্বাচন অরাজনৈতিক হলেও দেশে গণতান্ত্রিক সরকার থাকায় ওই নির্বাচনে রাজনীতির প্রভাব পড়ে। কারণ কেউ রাজনীতির বাইরে নয়। সিইসি জানান, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
কাজী রকিব উদ্দীন বলেন, আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে উপজেলার নির্বাচন করতে হবে। এই আইনি বাধ্যবাধকতার কারণেই কমিশন এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলার সময়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে তফসিল চূড়ান্ত করেছে। যে সময়ে পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকবে না, সে সময়ে ভোট গ্রহণ হবে। মেয়াদ শেষ হওয়ার আগে আগে পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় নির্বাচন করা হবে।
যে ১০২ উপজেলায় নির্বাচন হবে: খাগড়াছড়ির রামগড়, খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, মহালছড়ি, পানছড়ি ও মানিকছড়ি। ঝিনাইদহের কালিগঞ্জ। মাগুরার সদর ও শ্রীপুর। ভোলার লালমোহন। মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর, সিংগাইর ও সাটুরিয়া। গাজীপুরের কাপাসিয়া। রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও সদর উপজেলা। পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও সদর উপজেলা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী। গাইবান্ধার সাঘাটা ও গবিন্দগঞ্জ। বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর, দুপচাঁচিয়া, সোনাতলা, ধুনট ও নন্দীগ্রাম। চাঁপাইনবাবগঞ্জের নাচোল। নাটোরের সিংড়া। সিরাজগঞ্জের রায়গঞ্জ, উল্লাপাড়া, কাজীপুর ও সদর উপজেলা। মেহেরপুর সদর। কুষ্টিয়ার ভেড়ামারা ও সদর উপজেলা। ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও শৈলকুপা। নড়াইলের কালিয়া। জামালপুর সদর ও সরিষাবাড়ী। গোপালগঞ্জের কাশিয়ানি ও মকসুদপুর। মাদারীপুরের কালকিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্যা, জাজিরা ও গোসাইরহহাট। সুনামগঞ্জের দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক। মৌলভীবাজারের কুলাউড়া। হবিগঞ্জের মাধবপুর ও বাহুবল। দিনাজপুরের কাহারোল ও খানসামা। নীলফামারীর ডিমলা, সৈয়দপুর ও জলঢাকা। রংপুরের তারাগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, কাউনিয়া, রংপুর সদর ও গঙ্গাচড়া। নওগাঁর মহাদেবপুর ও রাণীনগর। পাবনার সাঁথিয়া, আটঘড়িয়া ও সুজানগর। যশোরের অভয়নগর। বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদী। নেত্রকোনার দুর্গাপুর ও কেন্দুয়া। ঢাকার দোহার ও নবাবগঞ্জ। নরসিংদীর পলাশ ও বেলাব। সিলেটের বিশ্বনাথ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর। চট্টগ্রামের হাটহাজারী ও মিরসরাই। সাতক্ষীরার আশাশুনি। কিশোরগঞ্জের নিকলী, করিমগঞ্জ ও বাজিতপুর। কুড়িগ্রামের উলিপুর। রাজশাহীর মোহনপুর এবং খুলনার দিঘলিয়া ও কয়রা।