১০২ উপজেলায় ১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১০২টি উপজেলায় ১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। গতকাল রোববার বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ এ ঘোষণা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৭ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি।
বর্তমানে উপজেলার সংখ্যা ৪৮৭। কমিশন কয়েক ধাপে এসব উপজেলায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। কাল তফসিল ঘোষণার সময় পর্যন্ত এ বিষয়ে পরিপত্র জারি করা হয়নি। কমিশন সচিবালয় থেকে গণমাধ্যমকর্মীদের শুধু ১০২টি উপজেলার তালিকা সরবরাহ করা হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব কারা পালন করবেন, কোন উপজেলার ভোটারের সংখ্যা কত, সে-সংক্রান্ত কোনো পরিপত্র তফসিল ঘোষণা পর্যন্ত জারি করা হয়নি। রাতে পরিপত্র জারি করা হলেও তাতে এ-সংক্রান্ত কোনো তথ্য ছিল না।
কমিশন সচিবালয় সূত্র জানায়, কমিশন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরও শতাধিক এবং মার্চে ১০০-এর মতো উপজেলায় নির্বাচন করবে। এসএসসি পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করা হতে পারে।
তফসিল ঘোষণার সময় সিইসি বলেন, উপজেলা নির্বাচন অরাজনৈতিক হলেও দেশে গণতান্ত্রিক সরকার থাকায় এ নির্বাচনে রাজনীতির প্রভাব পড়ে। কারণ, কেউ রাজনীতির বাইরে নন। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দীন বলেন, সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন করা যাচ্ছে না।
সংসদ নির্বাচনের সময় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংসদ নির্বাচনের সময় চোরাগুপ্তা হামলা করা হয়েছে। এদের আগে থেকে শনাক্ত করে ঠেকানো সম্ভব নয়। যারা সন্ত্রাস করেছে, তারা দুষ্কৃতকারী। এদের কোনো দল নেই। তবে গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী আগে থেকে ব্যবস্থা নেওয়ায় সংখ্যালঘুদের ওপর যে পরিমাণ হামলার আশঙ্কা করা হয়েছিল, তার চেয়ে অনেক কম হয়েছে।

১০২ উপজেলা: যেসব উপজেলায় নির্বাচন হবে, সেগুলো হলো: খাগড়াছড়ির রামগড়, খাগড়াছড়ি সদর, মাটিরাঙা, মহালছড়ি, পানছড়ি ও মানিকছড়ি। ঝিনাইদহের কালীগঞ্জ। মাগুরার সদর ও শ্রীপুর। ভোলার লালমোহন। মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর, সিংগাইর ও সাটুরিয়া। গাজীপুরের কাপাসিয়া। রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও সদর উপজেলা। পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও সদর উপজেলা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী। গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ। বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর, দুপচাঁচিয়া, সোনাতলা, ধুনট ও নন্দীগ্রাম। চাঁপাইনবাবগঞ্জের নাচোল। নাটোরের সিংড়া। সিরাজগঞ্জের রায়গঞ্জ, উল্লাপাড়া, কাজীপুর ও সদর উপজেলা। মেহেরপুর সদর। কুষ্টিয়ার ভেড়ামারা ও সদর উপজেলা। ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও শৈলকুপা। নড়াইলের কালিয়া। জামালপুর সদর ও সরিষাবাড়ী। গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর। মাদারীপুরের কালকিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্যা, জাজিরা ও গোসাইরহাট। সুনামগঞ্জের দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক। মৌলভীবাজারের কুলাউড়া। হবিগঞ্জের মাধবপুর ও বাহুবল। দিনাজপুরের কাহারোল ও খানসামা। নীলফামারীর ডিমলা, সৈয়দপুর ও জলঢাকা। রংপুরের তারাগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, কাউনিয়া, রংপুর সদর ও গঙ্গাচড়া। নওগাঁর মহাদেবপুর ও রাণীনগর। পাবনার সাঁথিয়া, আটঘরিয়া ও সুজানগর। যশোরের অভয়নগর। বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদী। নেত্রকোনার দুর্গাপুর ও কেন্দুয়া। ঢাকার দোহার ও নবাবগঞ্জ। নরসিংদীর পলাশ ও বেলাব। সিলেটের বিশ্বনাথ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর। চট্টগ্রামের হাটহাজারী ও মিরসরাই। সাতক্ষীরার আশাশুনি। কিশোরগঞ্জের নিকলী, করিমগঞ্জ ও বাজিতপুর। কুড়িগ্রামের উলিপুর। রাজশাহীর মোহনপুর এবং খুলনার দিঘলিয়া ও কয়রা।