১০২৫ টন সার উৎপাদনের পর ফের বন্ধ যমুনা সার কারখানা
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় তিতাস গ্যাসের চাপ কমে যাওয়ায় ফের যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ৩৮ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার সকালেই এ কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছিল।
কারখানা সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় গত ২৬ মে রাত সাড়ে আটটায় পবিত্র রামজান মাসে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সচল রাখার জন্য তিতাস গ্যাস কোম্পানি কারখানাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। তিতাস গ্যাস কোম্পানি যমুনা সার কারখানারও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পরে সার কারখানার কর্তৃপক্ষ ইউরিয়া প্ল্যান্ট বন্ধ করে দেয়। ফলে কারখানায় ইউরিয়া সার উৎপাদন ৩৮ দিনের জন্য বন্ধ হয়ে যায়। এরপর গত মঙ্গলবার ভোরে আবার সার উৎপাদন শুরু করা হয়। তিতাস গ্যাসের চাপ কমে যাওয়ায় এক দিন পর ফের কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
তিতাস গ্যাসের চাপ বৃদ্ধি করে উৎপাদন সচল করা না হলে আগামী রবি মৌসুমে তীব্র সার-সংকট দেখা দিতে পারে বলে কারখানা সূত্রে জানা গেছে।