১০৩ কোটি টাকার কাজ বারবার বন্ধ, শঙ্কা
শীতকালেও ভাঙছে ভোলার মেঘনার তীর। তীর সংরক্ষণ কাজে পানি উন্নয়ন বোর্ড (পাউেবা) হাত দিলেও নানা কারণে ২০১১-১২ অর্থবছরের কাজটি কয়েকবার বন্ধ হয়ে যায়। সর্বশেষ ১৫ ডিসেম্বর সেটি আবারও বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কে আছেন লক্ষাধিক মানুষ।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উত্তর ও দক্ষিণ দিক থেকে আসা জোয়ারের পানিতে ধনিয়া ইউনিয়নের তুলাতুলি লঞ্চঘাট থেকে পূর্ব-ইলিশা পর্যন্ত প্রায় আট কিলোমিটার মেঘনা নদীর তীর ভাঙছে। ২০ থেকে ৪০ হাত দূরে রয়েছে বন্যা নিয়ন্ত্রন বাঁধ। ভাঙনের মুখে পড়েছে ধনিয়া, বাপ্তা, কাচিয়া ও পূর্ব-ইলিশা ইউনিয়নের মানুষ। বিশেষ করে কাচিয়া ইউনিয়নের প্রায় দেড় কিলোমিটার একটু বেশিই ভেঙেছে।
এ ছাড়া সিসি ব্লক নির্মাণ, জিওটেক্সটাইল বস্তায় বালি ভর্তির কাজ ও কার্গোজাহাজ থেকে মালামাল খালাসের কাজ বন্ধ আছে। স্তূপ করা সিমেন্ট নিরাপদে রাখা হলেও জমাট বাঁধার আশঙ্কা আছে।
কাচিয়া ইউনিয়নের মুয়াজ্জেম হোসেন, জসিম মাল, সাকিলসহ একাধিক ব্যক্তি বলেন, তীর সংরক্ষণ হচ্ছে এই আশায় আশায় ভাঙনে কাচিয়া ইউনিয়নের চার ভাগের তিন ভাগ শেষ। সংরক্ষণকাজ শেষ হতে কাচিয়া ইউনিয়ন থাকবে কিনা সন্দেহ।
পাউবো সূত্র জানায়, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের লঞ্চঘাট থেকে কাচিয়া ইউনিয়নের গাড়িয়ারখাল পর্যন্ত মেঘনার সাড়ে তিন কিলোমিটার তীর সংরক্ষণের জন্য সব মিলিয়ে ১০ গ্রুপে ১০৩ কোটি টাকার কাজের দরপত্র আহবান করা হয় ২০১১-১২ অর্থ বছরে। অর্থাভাবে সে কাজ শুরু হয় ২০১২-১৩ অর্থ বছরের শেষ দিকে। যা শুরু করতে করতে ২০১৩-১৪ অর্থবছর চলে আসে।
প্রতি গ্রুপের ঠিকাদারেরা প্রায় ৪৩৮ মিটার তীরে ১৭৫ কেজি ওজনের এক লাখ ৭১ হাজার জিওটেক্সটাইল বস্তা এবং ৩০ হাজার সিসি ব্লক ফেলবে। কিন্তু এর মধ্যে নানা অনিয়ম ও অর্থাভাবে কাজটি পাঁচ থেকে সাতবার বন্ধ হয়ে যায়। সর্বশেষ ১৫ ডিসেম্বর ঠিকাদার কর্তৃক টাস্কফোর্স দলের সদস্য প্রকৌশলী লাঞ্ছিত হওয়ায় সব কাজ বন্ধ হয়ে যায়।
পাউবোর সহকারী প্রকৌশলী ফজলে এলাহী জানান, পাউবো ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী কোড়ালিয়া এলাকায় তেঁতুলিয়া নদীর তীর সংরক্ষণে জলবায়ু পরিবর্তন ট্রাস্টফান্ডের আওতায় সাড়ে নয় কোটি টাকার সিসি ব্লকের কাজ শুরু হয়। কাজটি পায় মেসার্স মো. ফারুক মিয়া নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ১৫ ডিসেম্বর ওই কাজ পরিদর্শনে যান পাউবোর টাস্কফোর্স দল। সেখানে ছিলেন, টাস্কফোর্সের সদস্য সহকারী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল, ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম ও উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন।
পরিদর্শন শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এনামুল হক পরিদর্শক দলের গাড়িতে উঠে পড়েন। পথে তিনি অস্ত্র ঠেকিয়ে প্রকৌশলীদের লাঞ্ছিত করেন। এ ঘটনায় উপসহকারী প্রকৌশলী ফজলে এলাহী বাদী হয়ে ১৭ ডিসেম্বর সদর থানায় একজনকে আসামি করে মামলা করেন। এরপর থেকে পাউবো কাজ বন্ধ করে দেয়।
তবে প্রতিনিধি এনামুল হক বলেন, প্রকৌশলীকে অস্ত্র প্রদর্শন, লাঞ্ছনা ও মামলার বিষয়ে তিনি কিছু জানেন না।
মেঘনার তীর সংরক্ষণ কাজের ঠিকাদার শাহে আলম, খোকন গোলদার ও নজরুল ইসলাম গোলদারের প্রতিনিধি ইলিয়াছ মিয়া জানান, কাজ বন্ধ থাকার কারণে প্রতিদিন এক লাখ থেকে এক লাখ ২০ হাজার টাকা ক্ষতি গুনতে হচ্ছে।
পাউবোর টাস্কফোর্স দলের প্রধান প্রকৌশলী কাজী তোফায়েল আহমেদ বলেন, উচ্চপর্যায়ে বৈঠক শেষ। খুব দ্রুত তাঁরা কাজ শুরু করে দেবেন।