১০৪ ডিম চাই, ৭০ করে পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক মাথাপিছু ১০৪টি ডিমের চাহিদার বিপরীতে আমরা ৭০টি করে ডিম পাচ্ছি। মাথাপিছু দৈনিক ১২০ গ্রাম মাংসের মধ্যে ১০২ গ্রাম আর দৈনিক ২৫০ মিলিলিটার দুধের চাহিদায় ১২২ মিলিলিটার পাচ্ছি। উৎপাদন সন্তোষজনক হলেও ঘাটতি রয়েছে। উৎপাদন আরও বাড়াতে প্রাণিবিজ্ঞানীদের নতুন প্রজাতি ও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।

আজ সোমবার ‘পশুপালন দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান বক্তারা। সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন এস ডি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মো. আলী আকবর।

দিবসটি উপলক্ষে সকালে পশুপালন অনুষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ডেইরি বিজ্ঞানী নুরুল ইসলাম।

সেমিনারে ১৪ মার্চকে জাতীয় গবাদিপশু দিবস হিসেবে স্বীকৃতি প্রদান, প্রাণিসম্পদ বিভাগের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং প্রাণী উৎপাদন ও প্রাণী চিকিৎসা নামক দুটি আলাদা অধিদপ্তর গঠনের দাবি জানানো হয়। সেমিনারে অতিথি হিসেবে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন, ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরাফত জামান উপস্থিত ছিলেন।