১০৪ শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
বরিশাল জেলার ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের নির্বাচন হলেও সাধারণ নির্বাচনের সব আয়োজন ছিল এখানে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ, নির্বাচনী প্রচারণা, পোস্টার লাগানো, ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, এজেন্টসহ সব আয়োজনই ছিল।
স্টুডেন্ট কেবিনেট গঠনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে শিক্ষার্থী প্রার্থীরা এবং তাদের সমর্থকেরা পোস্টার-ফেস্টুন দিয়ে বিদ্যালয়কে মুড়ে দেয়। শিক্ষার্থী এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা উত্তরণে নানা উদ্যোগের কথা লেখা সাদা-কালো, রঙিন পোস্টার ও ফেস্টুন শোভা পায়।
সরেজমিনে দেখা গেছে, বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের কয়েকটি কক্ষের সামনে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। একটি ভোটকেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা, প্রতি ভোটের বুথে দুজন পোলিং কর্মকর্তা ও একজন এজেন্ট দায়িত্ব পালন করছে।
বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিথীকা সরকার বলেন, জেলার ৭৮টি বিদ্যালয় এবং ২৬টি মাদ্রাসায় একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।