১০৪টি ‘গলাকাটা প্রবেশপত্র’
কিশোরগঞ্জের কুলিয়ারচর আবুল কাসেম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছে ১৪৭ জন। এর মধ্যে ১০৪ জনের ‘গলাকাটা প্রবেশপত্র’। প্রধান শিক্ষকের প্রতারণার কারণে অংশ নিতে পারেনি আরও ১০০ শিক্ষার্থী। গলাকাটা প্রবেশপত্রধারীরা কেউই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী নয়। নানা কারণে নিজ বিদ্যালয় থেকে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের একটি অংশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।গলাকাটা প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার সুযোগ করে দেওয়ার অভিযোগ সম্পর্কে গঠিত তদন্ত দলের সদস্যরা প্রথম আলোকে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান।কিশোরগঞ্জ জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরে আলম সিদ্দিকীকে প্রধান করে চার সদস্যের তদন্ত দল গঠন করেন। গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে গঠিত হয়েছে আরেকটি তদন্ত দল। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে তদন্ত দলটি গঠন করা হয়। তদন্ত দল আগামী সোমবার কুলিয়ারচরে এসে তদন্ত কাজ শুরু করার কথা রয়েছে।জেলা প্রশাসন গঠিত তদন্ত দলের সদস্য কুলিয়ারচর উপজেলার ইউএনওর অতিরিক্ত দায়িত্বে থাকা মো. খোরশেদ আলম বলেন, তদন্তে চাঞ্চল্যকর অনেক বিষয় বের হয়ে এসেছে। সবচেয়ে বড় কথা হলো, ৪৩ জন ছাড়া বাকিরা গলাকাটা প্রবেশপত্র দিয়ে পরীক্ষা দিচ্ছে। এরই মধ্যে এমন অনেক প্রবেশপত্র শনাক্ত করা হয়েছে, যাদের নিবন্ধন ফরমের সঙ্গে প্রবেশপত্রের নামের মিল নেই। শিক্ষার্থীর নামের সঙ্গে বাবা-মায়ের নামের মিল নেই। এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার যোগসূত্র পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে এসব উল্লেখ করা হয়েছে। তবে গলাকাটা প্রবেশপত্রধারীদের এখনই বহিষ্কার করা হয়নি। অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কাসেম সম্পর্কে জানতে চাইলে ইউএনও বলেন, ‘অনেক সন্ধান করেও আবুল কাসেমের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। তিনি এখন গাঢাকা দিয়ে আছেন।’ নিবন্ধন জালিয়াতির মাধ্যমে প্রবেশপত্রের ব্যবস্থা করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় এলাকার লোকজন বিদ্যালয়ের নাম দিয়েছেন গলাকাটা প্রবেশপত্রের কারখানা।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আঁতাত করে বরাবরের মতো এবারও ২০০ শিক্ষার্থীর কাছ থেকে কমপক্ষে ৪০ লাখ টাকা নিয়েছেন প্রধান শিক্ষক আবুল কাসেম। প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি স্থানীয় প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে রাজনীতিক মহলেও বিতরণ করা হয়। বণ্টন করা অর্থের সিংহভাগ পান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা (যাঁরা ছাত্র সংগ্রহ করে দেন)। এবার প্রবেশপত্র পায়নি—এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কাছে সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এভাবে তাদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। আবুল কাসেমের প্রতারণার বিষয়টি স্পষ্ট হওয়ার পরও বীরদর্পে সমাজে টিকে থাকায় কিছুটা বিস্মিত কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘কী আর বলব। প্রতারণা ও জালিয়াতির কারণে দুবার আবুল কাসেমকে জেলে পাঠানো হয়েছে। গতবার শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল করা হয়। তার পরও তাঁকে আটকে রাখা যাচ্ছে না। অভিযোগটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের নজরে এসেছে। বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা একটি তদন্ত দলও গঠন করেছেন। আশা করছি, এবার স্থায়ী সমাধান পাওয়া যাবে।’খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর থেকে আবুল কাসেম উচ্চবিদ্যালয় একই সঙ্গে কলেজের স্বীকৃতিও পেয়েছে। কলেজের স্বীকৃতি পেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান নাম হয়েছে আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজ। এ নিয়েও স্থানীয় লোকজন দুশ্চিন্তায় আছেন। কুলিয়ারচর উপজেলার নওগাঁও এলাকার বয়োবৃদ্ধ তাহের মিয়া বলেন, ‘হুনলাম আমরার কাসেম নাকি মিছামিছি পরীক্ষা দেওয়ায়। কলেজ হইলে তো সর্বনাশ। তহন গলাকাটা কারখানা এক-থাইক্কা দুইয়ে উঠব।’আবুল কাসেম বিদ্যালয়টি প্রতিষ্ঠা পায় ১৯৯৬ সালে। সে থেকেই কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নেত্রকোনসহ আশপাশের কমপক্ষে সাতটি জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসে। নানা কারণে ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীদের একটি অংশ প্রবেশপত্র ও নিবন্ধন জালিয়াতির মাধ্যমে এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। চলতি বছর প্রতিষ্ঠানপ্রধানের জালিয়াতির কারণে শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এর আগে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশ করা হলে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়টির স্বীকৃতি বাতিল করে। পরে আবার স্বীকৃতি বাতিল আদেশ প্রত্যাহার করা হয়।