১০৫ কিমি সড়ক কাজে আসছে না

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঈদুল ফিতরের আগে ভাঙা সড়ক জোড়াতালি দিয়ে সংস্কার করলেও বগুড়া-নাটোর সহাসড়ক এবং পুরাতন বগুড়া-দিনাজপুর সড়কের ১০৫ কিলোমিটার তেমন কোনো কাজে আসছে না।
এর মধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের প্রায় ৭২ কিলোমিটার অংশে বহু স্থানে কার্পেটিং ও ইট উঠে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এই মহাসড়কের রণবাঘা থেকে সিংড়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশ যান চলাচলের পুরোপুরি অনুপযোগী। একই চিত্র পুরাতন বগুড়া-দিনাজপুর (বর্তমানে বগুড়া-জয়পুরহাট ভায়া ক্ষেতলাল) সড়কের ৩৩ কিলোমিটার অংশেরও। এই সড়কের বগুড়ার বারপুর থেকে জয়পুরহাট জেলা সীমানার চরবাখড়া সেতু পর্যন্ত প্রায় পুরোটাই চলাচলের অনুপযোগী। এই দুটি সড়কেই ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
সওজ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও জেলা সড়ক—এই তিন ভাগে ভাগ করে সওজের সংস্কার কার্যক্রম চলছে। ঈদ সামনে রেখে ঢাকা-রংপুর মহাসড়ক আগে সংস্কার করা হয়েছে। দ্বিতীয় ধাপে বগুড়া-নাটোর মহাসড়কের সংস্কারকাজ গত বুধবার শেষ হয়েছে। তৃতীয় ধাপে পুরাতন দিনাজপুর সড়ক সংস্কারের কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে। শিগগিরই এর সংস্কার শেষ হবে।
নির্বাহী প্রকৌশলী দাবি করেন, বগুড়া-নাটোর মহাসড়কের কোথাও খারাপ থাকলে সেটা সওজের নাটোরের অংশে পড়েছে। এর দায় বগুড়ার নয়। তবে পুরাতন দিনাজপুর সড়কের সমস্যার স্থায়ী সমাধানের জন্য এটিকে যেকোনো প্রকল্পে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
গত শুক্রবার বগুড়া-নাটোর মহাসড়কের ৭২ কিলোমিটার অংশ ঘুরে দেখা গেছে, পুরো মহাসড়কই বেহাল। বগুড়ার শাকপালা থেকে রণবাঘা পর্যন্ত মহাসড়কের বগুড়ার ৩২ কিলোমিটারে অংশে গর্তে ইট-খোয়া ফেলে সংস্কার করা হলেও বৃষ্টিতে সব ধুয়েমুছে গেছে। অন্যদিকে নন্দীগ্রামের রণবাঘা হাটের পর থেকে নাটোর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার অংশের ইট-কার্পেটিং উঠে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে সিংড়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ।
এদিকে গত বৃহস্পতিবার পুরাতন দিনাজপুর সড়কের বগুড়ার বারপুর থেকে জয়পুরহাটের মোলামগাড়ী পর্যন্ত ৩৩ কিলোমিটার অংশ ঘুরে দেখা গেছে, বগুড়া অংশের পুরাটাই বেহাল। নামুজা বন্দরে দীর্ঘ এলাকাজুড়ে পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে কাদা-জলে একাকার। অন্যান্য এলাকায়ও বেশির ভাগ সড়কে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ঘোড়াধাপ, নামুজা, বুড়িগঞ্জ, পীরব বন্দর, খয়ড়াপুকুরসহ বিভিন্ন স্থানে গর্তে ইট-খোয়া ফেলে যান পারাপারে সহযোগিতা করছেন স্থানীয়রা। পীরব থেকে বাখড়া সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ সড়কের এবড়োখেবড়ো অবস্থা। দুপুরের দিকে এ সড়কের বারপুর এলাকায় সওজের শ্রমিকদের সংস্কারকাজ করতে দেখা গেছে।
সওজ সূত্র জানায়, পুরোনো বগুড়া-জয়পুরহাট সড়কের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। এর মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার বারপুর মোড় থেকে কালাই উপজেলার চরবাখড়া সেতু পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার অংশ দেখভাল ও রক্ষণাবেক্ষণ করে বগুড়া সওজ বিভাগ। বগুড়া থেকে পুরাতন দিনাজপুর সড়কে চলাচলকারী বাসের চালক তরিকুল ইসলাম বলেন, ‘এ সড়কের বাপ-মা নাই। নরকের চেয়েও ভয়ংকর এ রাস্তার দশা। সকালে আল্লার নাম নিয়ে বাসে ওঠি।’
বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘বগুড়া-মোলামগাড়ী ও বগুড়া-পীরব সড়কে প্রতিদিন ৫০ থেকে ৬০টি গাড়ি চলাচল করে। সড়কের বেহাল অবস্থার কারণে কোনো মহাজনই এ সড়কে গাড়ি চালাতে চান না।’