১০৫ জনের জন্য শিক্ষক একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও নতুন করে শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে না। ফলে তীব্র শিক্ষকসংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রায় ১২ হাজার শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক কর্মরত রয়েছেন মাত্র ১১৫ জন। অর্থাৎ ১০৫ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক আছেন।
কলেজের প্রশাসনিক শাখা সূত্র জানায়, ১৮৯২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এ কলেজে বর্তমানে উচ্চমাধ্যমিক (বিজ্ঞান), বিএসসি ও বিএ (পাস) কোর্সের পাশাপাশি ১৬টি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। ২৫ বছর আগে কলেজে শিক্ষকের ১৩৮টি পদ সৃষ্টি হয়েছিল। এর মধ্যেও বর্তমানে ২৩টি পদ শূন্য।
একই সূত্র জানায়, ২৫ বছরেও শিক্ষকের নতুন কোনো পদ সৃষ্টি হয়নি। কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে বাংলা ও ইংরেজি বিভাগে রয়েছে মাত্র আটটি পদ। অথচ এ দুটি বিভাগের শিক্ষকদের উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক (সম্মান) পর্যায়ের সব কটি বিভাগের শিক্ষার্থীদের পাঠদান করতে হয়।
একাধিক শিক্ষার্থীর অভিযোগ, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের সংখ্যা কম হওয়ায় অনেক সময় রুটিন অনুযায়ী শ্রেণীর কার্যক্রম পরিচালিত হয় না। এর ফলে পাঠ্যক্রম শেষ না হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হয়।
কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার প্রথম আলোকে জানান, কলেজে শিক্ষার্থী অনুপাতে অনেক কমসংখ্যক শিক্ষক কর্মরত আছেন। ২৫ বছরের পুরোনো কাঠামো দিয়েই কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন করে পদ সৃষ্টির জন্য একাধিকবার শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।