রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ১০৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এসব মামলার মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মানহানির মামলা এবং সাংসদ ও সাবেক ছাত্রনেতা আবদুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ নিয়ে মোট ছয় হাজার ৫২৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলো।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বুধবার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির ২৩তম বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। তবে বিএনপির পাঁচ নেতার ১২টি মামলা উত্থাপিত হলেও সেগুলো প্রত্যাহারের সুপারিশ করা হয়নি। এগুলোর মধ্যে নাজিম উদ্দিন আলমের বিরুদ্ধে একটি, রুহুল কুদ্দুসের দুটি, জয়নাল আবদিন ফারুকের তিনটি, বরকত উল্লাহর তিনটি এবং হাফিজ ইব্রাহীমের তিনটি মামলা রয়েছে।সূত্র জানায়, বিএনপির নেতাদের আবেদনে জেলা প্রশাসকের কোনো সুপারিশ ছিল না। ওই সুপারিশ ছাড়া মামলাগুলো কী করে কমিটিতে উত্থাপিত হলো তা জানাতে পারেনি মন্ত্রণালয় সূত্র।বৈঠক শেষে কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও এক হাজার ৬২১টি মামলা প্রত্যাহারের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে ৩০৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়নি। এক হাজার ২১১টি মামলা পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া দুদকের ৭৯টি মামলা উত্থাপন করা হলেও সময়ের অভাবে দেখা হয়নি।বিরোধী দলের নেতা-কর্মীদের কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারযোগ্য নয় বলে প্রত্যাহারের সুপারিশ করা হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়।১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী, সরকারের সুপারিশ করা যেকোনো মামলার বিচারকাজ প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা যায়। তবে সিআর বা ব্যক্তির করা মামলা প্রত্যাহারে সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই। ১৯৫৮ সালের সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১০(৪) ধারা অনুযায়ী দুদকের করা মামলা একমাত্র দুদকই প্রত্যাহার করতে পারে।