১০৬ জেলের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে কুষ্টিয়ার ভেড়ামারা, ফরিদপুরের চরভদ্রাসন এবং ভোলায় গত দুই দিনে ১০৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই তিন জেলাসহ রাজবাড়ীর দৌলতদিয়া উপজেলা থেকে বিপুল পরিমাণ ইলিশ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমার নেতৃত্বে গতকাল ভোরে পদ্মা নদীর বাহাদুরপুর ঘাট, কাজীপাড়া, মসলেমপুর এবং হার্ডিঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত নদী থেকে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল, তিনটি ইঞ্জিনচালিত নৌকা এবং ১৫ কেজি ইলিশ জব্দ করেন। পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই দিন ভোরে সদরের ইউএনও খোদেজা খাতুন পদ্মা নদীর শালদহ এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেন।
ফরিদপুর: চরভদ্রাসন উপজেলায় পাঁচ জেলেকে সাত দিন করে বিনশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে নিজ কার্যালয়ে নির্বাহী হাকিম ও ইউএনও মো. মাহাবুব হাসান আদালত পরিচালনা করে এ রায় দেন। আদালত গত শুক্রবার রাত ১০টা থেকে দিবাগত রাত তিনটা পর্যন্ত উপজেলার হাজীগঞ্জ থেকে চরমঈনুট ঘাট এলাকায় অভিযান চালান। এ সময় পাঁচটি নৌকাসহ ওই পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পাঁচ মণ ইলিশ ও তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মাছগুলো পাঁচটি এতিমখানা ও মাদ্রাসায় দান করে দেওয়া হয় এবং জাল নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আজম খান বলেন, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, মা-ইলিশ মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে ওই সাজা দেন আদালত।
ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ভোলায় গত দুই দিনে ৯৯ জন জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩০ জনকে জরিমানা ও ৬৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান, অভিযানে ওই জেলেদের আটক করাসহ প্রায় এক লাখ ৪৫ হাজার মিটার জাল, ৩১৭ কেজি ইলিশ এবং সাতটি ট্রলার জব্দ করা হয়েছে। এদিকে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তারা গতকাল এক কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের জাল ও মাছ জব্দ করেছে।
গোয়ালন্দ (রাজবাড়ী): শুক্রবার দিবাগত রাত থেকে শুরু করে গতকাল ভোর পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিন মণ ইলিশ ও ৫০ হাজার মিটারেরও বেশি জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা শীলা রায় জানান, মা-ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বাহিরচর দৌলতদিয়া, ঢল্লাপাড়া, কুশাহাটা, রাখালগাছি, অন্তার মোড় এবং দেবগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই মাছ ও কারেন্ট জাল জব্দ করা হয়। সকাল আটটার দিকে উপজেলা পরিষদ চত্বরে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো স্থানীয় ভান্ডারিয়া মাদ্রাসার এতিমখানায় দান করা হয়। এ সময় ইউএনও পঙ্কজ ঘোষ, মৎস্য কর্মকর্তা শীলা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।