১০৬ বছরের বৃদ্ধার সফল পিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউটে হৃদ্‌রোগে আক্রান্ত ১০৬ বছর বয়সী এক নারীর প্রাইমারি পিসিআই সম্পন্ন হয়েছে। এত বেশি বয়সে কোনো রোগীর সফল পিসিআইয়ের ঘটনা এটাই প্রথম দাবি করে রোববার সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি: প্রথম আলো
খুলনার এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউটে হৃদ্‌রোগে আক্রান্ত ১০৬ বছর বয়সী এক নারীর প্রাইমারি পিসিআই সম্পন্ন হয়েছে। এত বেশি বয়সে কোনো রোগীর সফল পিসিআইয়ের ঘটনা এটাই প্রথম দাবি করে রোববার সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি: প্রথম আলো

খুলনার একটি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত ১০৬ বছর বয়সী এক নারীর প্রাইমারি পিসিআই (পারকুটেনিয়াস করোনারি ইন্টারভেনশন) সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের দাবি, এত বেশি বয়সে কোনো রোগীর সফলভাবে প্রাইমারি পিসিআইয়ের ঘটনা এটাই প্রথম।

গত ২৪ নভেম্বর খুলনার এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউটে ওই নারীর পিসিআই হয়। তাঁর নাম রওশন আরা। বাড়ি বাগেরহাটের সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। আজ রোববার হাসপাতালে এক সংবাদ সম্মেলন করে ঘটনাটি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় রোগী ও তাঁর স্বজনেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রোগীর স্বজনেরা জানান, গত ২৪ নভেম্বর বিকেলে রওশন আরা বুকে হালকা ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। স্বজনেরা তাঁকে খুলনা নিয়ে আসেন এবং একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা করে বলেন, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। পরে স্বজনেরা তাঁকে এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউটে ভর্তি করেন।

ইনস্টিটিউটের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ এস এম মামুন ইকবাল বলেন, হাসপাতালে আসার পর রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে তাঁরা ‘একিউট কার্ডিয়াক অ্যারেস্ট’ শনাক্ত করেন। তখন রোগীর অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন পাওয়া যাচ্ছিল। পরে ‘ডিসি শক’ দিয়ে হৃৎস্পন্দন স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হয়। এনজিওগ্রাম করে দেখা যায়, রোগীর হার্টের অন্যতম প্রধান রক্তনালি আরসিএতে শতভাগ ব্লক। সর্বোপরি রোগীর অবস্থা বেশ নাজুক ছিল। রোগীর কিডনির অবস্থাও বেশ খারাপ হয়ে যায়। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রাইমারি পিসিআই করার সিদ্ধান্ত নেওয়া হয়। এত বেশি বয়সী রোগীর প্রাইমারি পিসিআই করা বেশ ঝুঁকিপূর্ণ। এরপরও রোগীর হার্টে অস্থায়ী পেসমেকার স্থাপন করে প্রাইমারি পিসিআই করা হয়।

রওশন আরার ছেলে আবু বক্কার (৭৯) প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে ভর্তির সময় মায়ের বয়স লেখা হয়েছিল ১১৪ বছর। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমরা সঠিক বয়স বের করার জন্য এলাকার জনপ্রতিনিধি এবং আমার চেয়েও বড় যাঁরা আছেন, তাঁদের নিয়ে আলোচনা করি। বিভিন্ন ঘটনা ও ইতিহাস মিলিয়ে আমরা মায়ের বয়স ১০৬ বছর বলে নিশ্চিত হই। ইনস্টিটিউটে ভর্তির চার দিন পরই আমরা মাকে বাড়িতে নিয়ে যেতে পারি। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবন যাপন করছেন।

রওশন আরার আরেক ছেলে সিদ্দিকুর রহমান (৭৫) বলেন, ‘আমাদের মা মানসিকভাবে খুবই শক্তসামর্থ্য। আমরা আট ভাই, দুই বোন। এর মধ্যে ছয় ভাই ও এক বোন জীবিত আছি।’

রওশন আরার চিকিৎসক এস এম মামুন ইকবাল বলেন, ‘এত বেশি বয়সী রোগীর দেহে এ ধরনের সফলতার নজির সারা বিশ্বে আছে বলে আমাদের জানা নেই। এই সফলতার শুধু এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট খুলনার নয়। এই সফলতা বাংলাদেশের।’

হাসপাতালের ফ্যাসিলিটি ডিরেক্টর রাকেশ কুমার জেসওয়াল বলেন, ‘আমাদের হাসপাতালের শুরু থেকে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’