১০৬ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনগুলো জরাজীর্ণ হওয়ায় উপজেলা প্রশাসন এগুলো অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ কারণে এসব বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে।
সদর উপজেলার চর কামালিয়া নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ বিদ্যালয় ভবন নির্মাণ করে ১৯৯৪ সালে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০০৮ সালে এ বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে এখানে আর পাঠদান করানো হচ্ছে না। বিদ্যালয়ে কোনো শৌচাগার ও নলকূপ নেই। এ অবস্থায় বিদ্যালয়টিতে দিন দিন শিক্ষার্থী ঝরে পড়ছে। বিদ্যালয়টিতে বর্তমানে ১৮০ জন শিক্ষার্থী রয়েছে, আগে ছিল ২৩০ জন।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শম্পা আক্তার বলে, ‘প্রতিদিন স্কুল একটু একটু করে ভেঙে পড়ছে। আমরা ভয় পাই, স্যারেরাও ভয় পান। আমরা টিনের ঘরে ক্লাস করি। বৃষ্টি এলে টিনের ঘরেও পানি পড়ে, বই-খাতা ভিজে যায়। পড়ালেখা করতে খুব কষ্ট হয়।’
প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, বিদ্যালয়টি দীর্ঘ সাত বছর থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরপর সরকারি বরাদ্দের ৪০ হাজার টাকায় টিনের একটি ঘর তৈরি করে পাঠদান চলছে। এতে জায়গা সংকুলান হচ্ছে না, পাশাপাশি বৃষ্টির পানি পড়ায় অভিভাবকেরা তাঁদের সন্তানদের অন্য বিদ্যালয়ে পাঠিয়ে দিচ্ছেন।
সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের অবস্থাও খারাপ। গত বছর মার্চ মাসে কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। বিকল্প ব্যবস্থা না থাকায় ওই ভবনেই ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। ভবন জরাজীর্ণ হওয়ায় বিদ্যালয় শিক্ষার্থী ঝরে পড়ছে। প্রধান শিক্ষক এস এম নবী হোসেন বলেন, তিন বছর আগে এখানে ৩৫০ জন শিক্ষার্থী ছিল। বর্তমানে এ সংখ্যা ১৭০ জনে নেমে এসেছে। এর মধ্যে উপস্থিতির সংখ্যাও কমে গেছে। অভিভাবকেরা ভয়ে তাঁদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে চান না। আবদুল হান্নান নামে এক অভিভাবক বলেন, ‘আমরা ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে খুব আতঙ্কের মধ্যে থাকি।’
সদর উপজেলার সগড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা সাহা জানান, ১৯৩৬ সালের নির্মিত তাঁর বিদ্যালয়ের তিন কক্ষের আধা পাকা ভবনটি জরাজীর্ণ হয়ে গেছে। দেয়ালের কয়েক জায়গায় ফাটল ধরেছে এবং এক পাশের দেয়াল কিছুটা দেবে গেছে। বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে। এ কারণে শিক্ষার্থীরা অন্যত্র চলে যাচ্ছে। একই অবস্থা বিন্নাটি ইউনিয়নের আওলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৩ উপজেলায় ১ হাজার ২৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১০৬টির ভবন ঝুঁকিপূর্ণ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলা বলেন, এসব বিদ্যালয়ের জন্য নতুন করে ভবন নির্মাণের জন্য গত বছরের জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ছবিসহ তথ্য পাঠানো হয়েছে। শিগগিরই এগুলোর নির্মাণকাজ শুরু হবে।