১০৭ রোহিঙ্গা ও ১৪টি নৌকা ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত বিজিবিও মোতায়েন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত উখিয়ার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০৭ জন রোহিঙ্গাকে আটক করে আবার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল পর্যন্ত উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা ৪৮ শিশু, ২৯ নারী, ৩০ পুরুষসহ মোট ১০৭ জন রোহিঙ্গাকে নিজ দেশে ফিরতে বাধ্য করা হয়।
এদিকে গত বুধবার রাত নয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত টেকনাফের ঝিমংখালী, ওয়াব্রাং, রঙ্গিখালী, মোচনি, লেদা ও দমদমিয়া সীমান্ত এলাকা দিয়ে প্রায় ১৪টি নৌকায় (প্রতিটিতে ১৫-১৮ জন) রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে বলে জানান ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী। তিনি বলেন, সব কটি নৌকাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।