১০৭ স্কুলে ঝুঁকিপূর্ণ ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম চলছে। কোনো কোনো বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোতে বেঞ্চ ও অন্যান্য উপকরণেরও অভাব আছে।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক পর্যায়ের মোট ১ হাজার ৬৫৯টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ১ হাজার ২১২টি সরকারি, ১৫০টি এনজিও চালিত, ১৫টি সরকারি হাইস্কুল পরিচালিত প্রাথমিক বিদ্যালয়, ৭৩টি ইবতেদায়ি মাদ্রাসা ও ২১৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলায় মোট ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম সদরে পাঁচটি, রাজারহাটে ১২টি, ভূরুঙ্গামারীতে তিনটি, নাগেশ্বরীতে ২১টি, ফুলবাড়ীতে ১১টি, উলিপুরে আটটি, চিলমারীতে ৩০টি, রৌমারীতে পাঁচটি ও রাজীবপুর উপজেলার ১২টি বিদ্যালয়।
উলিপুর ও সদর উপজেলায় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা জানান, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমে যাচ্ছে। এ অবস্থায় চলছে পাঠদান কার্যক্রম। উলিপুরের দুটি বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে।
উলিপুর উপজেলার সাহেবের আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির ভবনের করুণ অবস্থা। অধিকাংশ জানালা-দরজা ভাঙা। বেঞ্চ সংকটের কারণে শিশু শ্রেণির শিক্ষার্থীদের মাটিতে চট বিছিয়ে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ে ২৭৯ জন শিক্ষার্থীর জন্য বেঞ্চ রয়েছে মাত্র ৩৫টি।
প্রধান শিক্ষক ফিরোজা বেগম জানান, বিদ্যালয়ে ৪৮টি বেঞ্চ ছিল। এখন ভালো আছে ৩৫টি।
উলিপুর উপজেলার উমানন্দ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। শিক্ষকেরা খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছেন।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাফিয়া আক্তার, পঞ্চম শ্রেণির আইরিন আক্তার ও আতিকুর রহমান বলে, শ্রেণিকক্ষে ক্লাস করা যায় না। ওপর থেকে পলেস্তারা খসে খসে গায়ে-মাথায় পড়ে।
প্রধান শিক্ষক আবু তাউছ মোহাম্মদ রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে। কয়েকবার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরও জানান, বিদ্যালয়ে মোট ১৫৫ জন শিক্ষার্থী ছিল। কিন্তু ভবনের বেহাল দশার কারণে বর্তমান উপস্থিতি ৬০-৭০ জনে নেমে এসেছে।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরে অবস্থিত ঘোয়ালপুরী মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাও খারাপ। এখানে প্রয়োজনীয়সংখ্যক টেবিল ও বেঞ্চ নেই। নলকূপ ও শৌচাগার নষ্ট।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায় চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ ১০৭টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, প্রয়োজনীয় উপকরণ ও অন্যান্য চাহিদা পূরণের জন্য কয়েক দফা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।