১০৮ গাড়ির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চট্টগ্রামগামী অতিরিক্ত গতির ১০৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগার হাট এলাকায় অভিযান পরিচালনাকালে এসব মামলা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পূর্বাঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রউফ। তিনি প্রথম আলোকে জানান, সকাল সাতটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় স্পিডগান নিয়ে গাড়ির গতি পরীক্ষা করা হয়। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ১০৭ কিলোমিটার গতির প্রাইভেট কার, ১০০ কিলোমিটার গতির বাস এবং ৭২ কিলোমিটার গতির ট্রাক ধরা পড়ে। যদিও মোটরযান আইন অনুযায়ী, বাসের ক্ষেত্রে ৫৬ এবং ট্রাকের ক্ষেত্রে ৪৮ কিলোমিটারকে সহনীয় গতি ধরা হয়। মহাসড়কে দুর্ঘটনারোধের অংশ হিসেবে এ অভিযান চলছে উল্লেখ করে রউফ বলেন, এক মাস আগে একই ধরনের অভিযানে একটি পরিবহন কোম্পানির অতিরিক্ত গতির বাস বেশি ধরা পড়েছিল। কিন্তু গতকালের অভিযানে সেই কোম্পানির একটি বাসও ধরা পড়েনি। এতে প্রমাণিত হয়, অতিরিক্ত গতিরোধে অনেকে সচেতন হচ্ছেন।মহাসড়কে যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য জানাতে হাইওয়ে পূর্বাঞ্চলের সহকারী পুলিশ সুপারের ০১৭৩৩-২৩১৯০৩ নম্বরে যোগাযোগের জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।