
খাগড়াছড়ির মং সার্কেলে গতকাল শনিবার প্রথমবারের মতো ১০৯ জন নারীকে কার্বারি পদে (পাড়াপ্রধান) নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে মং সার্কেলে ৪১ জন নারী অনানুষ্ঠানিকভাবে কার্বারির দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নারীদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। মং সার্কেলে মৌজা রয়েছে ৮৮টি। এর মধ্যে হেডম্যানের (মৌজাপ্রধান) দায়িত্ব পালন করছেন তিনজন নারী।
কার্বারি হিসেবে নারীদের নিয়োগ দেওয়া উপলক্ষে গতকাল সকালে খাগড়াছড়ি জেলা শহরের ক্ষুদ্র নৃ–গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মং সার্কেলপ্রধান (রাজা) চাচিংপ্রু চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা। আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী, নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা ও জেলার হেডম্যান, কার্বারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে মং সার্কেলপ্রধান চাচিংপ্রু চৌধুরী বলেন, ‘প্রথমবারের মতো নারী কার্বারি নিয়োগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি। আশা করি নারী কার্বারিরা তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’
নতুন নিয়োগ পাওয়া কার্বারি ভূমিকা ত্রিপুরা বলেন, সমাজে নারীদের সিদ্ধান্ত অনেকেই মানতে পারেন না। সমাজে শান্তিশৃঙ্খলা, বিচার-আচার, নিরাপত্তা সব কাজই পুরুষেরা করেন। এখন নারীদের কার্বারি হিসেবে নিয়োগ পাওয়ায় সমাজে কেউ তাঁদের মতামত উপেক্ষা করতে পারবে না।
ক্ষমতায়ন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সমতা নিশ্চিত করতে নারীদের কার্বারি পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান কার্বারি সমিতির খাগড়াছড়ি জেলার সভাপতি রনিক ত্রিপুরা।
মং সার্কেলের হেডম্যান উক্যসাইন চৌধুরী বলেন, ঘরে-বাইরে পাহাড়ি সমাজের নারীরা সবচেয়ে বেশি কাজ করেন। অথচ তাঁরা ক্ষমতাহীন। নারীর অধিকার নিশ্চিত করা, পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াতে নারীদের কার্বারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধান অতিথি নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, তিন পার্বত্য জেলার প্রতিটি মৌজায় পর্যায়ক্রমে হেডম্যান কার্যালয় গড়ে তোলা হবে। এসব কার্যালয়ের নকশা একই রকম হবে।
জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী বলেন, নারী অধিকার নিয়ে সচেতনতার মাত্রা আগের চেয়ে অনেক বেড়েছে। নারীদের হেডম্যান ও কার্বারি পদে আরও বেশি করে নিয়োগ দেওয়ার অনুরোধ করেন তিনি।
নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা বলেন, নারীদের হেডম্যান ও কার্বারি পদে নিয়োগ দেওয়ার জন্য অনেক দিন ধরে তাঁরা আন্দোলন করে আসছিলেন। একসঙ্গে ১০৯ জন নারীকে কার্বারি হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁদের আন্দোলন সার্থক হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে প্রতিটি গ্রামে নারী কার্বারি নিয়োগ দেওয়া হবে বলে তিনি আশা করেন।