টাঙ্গাইলের সখীপুর উপজেলার ইছাদিঘী আতিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকসহ ১০-১২ জনকে আসামি করে গতকাল শুক্রবার বন বিভাগ মামলা করেছে। বনের জমি দখল করে স্থাপনা নির্মাণ, উচ্ছেদকাজে বাধা দেওয়া, বন বিভাগের লোকজনকে মারধর, মোটরসাইকেল ভাঙচুরসহ নানা অভিযোগে মামলাটি করা হয়।
টাঙ্গাইল বন বিভাগের হাতিয়া রেঞ্জের আওতাধীন কালিদাস বিটের কর্মকর্তা সিরাজুল ইসলাম মামলাটি করেন। এদিকে গত বৃহস্পতিবার মোজাম্মেল হক বাদী হয়ে সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে একটি লিখিত অভিযোগ দিলেও সখীপুর থানা সেটি আমলে নেয়নি।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম গতকাল বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের মামলাটিই বেশি গুরুত্ব পাবে।
থানা-পুলিশ জানায়, ইছাদিঘী আতিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হক বনের জমিতে দুটি ঘর তোলেন। গত বৃহস্পতিবার ভোরে স্থানীয় বন বিভাগ ঘর দুটি উচ্ছেদ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের আটজন আহত হন।