১০-১৫ মার্চ সুন্দরবনের দিকে জনযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের কাছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও ওরিয়ন বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আগামী ১০ থেকে ১৫ মার্চ সুন্দরবনের দিকে জনযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি তুলে ধরেন কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ বলেন, ওই বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ১৫ ফেব্রুয়ারি ঢাকা ও নারায়ণগঞ্জে এবং ২৭ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের ২৪ থেকে ২৮ মার্চ জাতীয় কমিটির আহ্বানে সুন্দরবনের দিকে মোট ৪০০ কিলোমিটার লংমার্চ সফল হয়েছিল। ওই লংমার্চে দেশের সব শ্রেণি-পেশার মানুষ রামপাল প্রকল্পের বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করে। ১০ থেকে ১৫ মার্চ সুন্দরবনের দিকে যে জনযাত্রা অনুষ্ঠিত হবে, তাতে সারা দেশের বিভিন্ন এলাকার মানুষ একযোগে সুন্দরবনের দিকে যাত্রা শুরু করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পকে সামনে রেখে সুন্দরবনের পাশে খাদ্যগুদাম, শিপইয়ার্ড, সিমেন্ট কারখানাসহ বিভিন্ন ধরনের শিল্প-কারখানা স্থাপন করা হচ্ছে। এসব উদ্যোগ সুন্দরবনকে চিরতরে ধ্বংস করার আয়োজন। সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, প্রকৌশলী কল্লোল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।