১০-১৫ মার্চ সুন্দরবনের দিকে জনযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের কাছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও ওরিয়ন বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আগামী ১০ থেকে ১৫ মার্চ সুন্দরবনের দিকে জনযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি তুলে ধরেন কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ বলেন, ওই বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ১৫ ফেব্রুয়ারি ঢাকা ও নারায়ণগঞ্জে এবং ২৭ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের ২৪ থেকে ২৮ মার্চ জাতীয় কমিটির আহ্বানে সুন্দরবনের দিকে মোট ৪০০ কিলোমিটার লংমার্চ সফল হয়েছিল। ওই লংমার্চে দেশের সব শ্রেণি-পেশার মানুষ রামপাল প্রকল্পের বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করে।