ঈদুল আজহা উপলক্ষে ১১ অক্টোবর থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হবে। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা সমিতি ও লঞ্চ মালিক সমিতি সমন্বিতভাবে বিশেষ লঞ্চ সার্ভিস পরিচালনা করবে।
গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে নিজস্ব সম্মেলনকক্ষে ঈদ ব্যবস্থাপনাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী-পরিবহন) সংস্থার লঞ্চ মালিকনেতারা জানান, ঈদ উপলক্ষে ঢাকা-বরিশাল নৌরুটের ভাড়া সরকারি নির্ধারিত ভাড়া থেকে ২৫ টাকা কম নেওয়া হবে। সরকারি ভাড়ার তালিকা অনুযায়ী জনপ্রতি ভাড়া ২৫৫ টাকা। সেখানে ২৫ টাকা কমিয়ে ২৩০ টাকা করা হচ্ছে।
সভার সভাপতি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার সুষ্ঠু ও সুন্দরভাবে লঞ্চ চলাচলের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, বিআইডব্লিউটিসির পাঁচটি স্টিমার ঈদের তিন দিন আগে থেকে যাওয়া-আসা করবে। এ ছাড়া গত বছর ৩৭টি ফেরি ছিল। চলতি বছরে দুটি যোগ হয়েছে। যাত্রী এবং যানবাহন পারাপারে কোনো সমস্যা হবে না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআইডব্লিউটিএর সদস্য ফিরোজ আহম্মেদ, সচিব মাহাবুবুল আলম, অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ, লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।