বিরোধী দল দেশে নৈরাজ্য তৈরি করে আবার একটি ১/১১ ডেকে আনতে চায় বলে অভিযোগ করেছেন সরকারি দলের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। জাতীয় সংসদে গতকাল রোববার ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। অধিবেশনে এ সময় সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ। সুরঞ্জিত বলেন, তারা (বিরোধী দল) সংবিধানকে লঙ্ঘন করে, সংসদকে লঙ্ঘন করে দেশে নৈরাজ্য তৈরি করতে চায়। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘প্রশ্ন করতে চাই, আজকে কি আপনি আরও একটা ১/১১ তৈরি করতে চান। আমার কাছে সে রকম আলামতই মনে হচ্ছে।’প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এ সময় অধিবেশনে উপস্থিত ছিলেন। বিরোধী দল বিএনপি গতকালও অনুপস্থিত ছিল।সুরঞ্জিত আরও বলেন, ‘ছায়া বাজেট বিশ্বের বিভিন্ন দেশে আছে। তবে সরকার বাজেট উপস্থাপনের পর সংসদেই বিরোধী দল এ বাজেট দেয়। আর আমাদের সংসদের বিরোধী দলের নেতা সংসদের বাইরে পাঁচতারা হোটেলে গিয়ে বাজেট দিয়েছেন।’বাজেটে সঞ্চয়পত্রের সুদের ওপর প্রস্তাবিত করারোপের বিরোধিতা করে অর্থমন্ত্রীর উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও অবসরপ্রাপ্তদের সঞ্চয়ের ওপর কর না বসিয়ে বরং আপনি আয়ের ওপর কর বসান।’ তিনি মুঠোফোন সিমের ওপর ৮০০ টাকার পরিবর্তে ১০০ টাকা কর ধার্য করার প্রস্তাব করেন।বেনজির আহমেদ চিনি আমদানির ওপর অতিরিক্ত কর প্রত্যাহারের প্রস্তাব করেন। তিনি গুঁড়ো দুধ আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাবের বিরোধিতা করে বলেন, এতে স্থানীয় খামার বন্ধ হবে। তিনি ২০০০ সিসির ওপরের গাড়ির ওপর করারোপের প্রস্তাব দেন এবং রাস্তার সুষম ব্যবহার নিশ্চিত করে যানজটমুক্ত করার পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।সুবিদ আলী ভূঁইয়া বলেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। কিন্তু এই সুযোগ থাকা উচিত নয়, কারণ তাতে দুর্নীতি বাড়তে পারে।মইনুদ্দিন খান বাদল বলেন, এই বাজেট যদি বাস্তবায়ন করতে হয়, তবে সাংসদদের স্থানীয় কাজে সম্পৃক্ত করতে হবে। তা না হলে এত বড় বাজেট সম্পূর্ণ বাস্তবায়িত হবে না। তিনি চট্টগ্রামের উন্নয়নে বাজেটে তেমন কিছু না থাকায় সমালোচনা করেন। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম পরিবর্তনের আহ্বান জানান এবং এতে সচিবদের ওপরে সাংসদদের অবস্থান দেওয়ার প্রস্তাব করেন মইনুদ্দিন খান।আলোচনায় আরও অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, আবদুল্লাহ আল কায়সার, শামসুল হক চৌধুরী, আতিউর রহমান, আ ক ম মোজাম্মেল হক, খান টিপু সুলতান, হায়াতুর রহমান খান, এম এ মান্নান, তাজুল ইসলাম, ইমরান আহমেদ, খন্দকার আবদুল বাতেন, মতিউর রহমান, রঞ্জিত কুমার রায়, আনোয়ার হোসেন, জাহিদ আহসান রাসেল প্রমুখ।বুধবার বাজেট পাস হবে: আগামী বুধবার সংসদে ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট পাস হবে। বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষ করতে আজ সোমবার থেকে সংসদের অধিবেশন দুই বেলা করে চলবে।