১১ আসামি এখনো গ্রেপ্তার হয়নি, উদ্বিগ্ন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপ-জেলার চামটা গ্রামে কিশোরী হেনা আক্তার হত্যা মামলার পলাতক ১১ জন আসামি এখনো গ্রেপ্তার হয়নি। অধিকাংশ আসামি হেনাদের আত্মীয় হওয়ায় মামলা প্রত্যাহারের জন্য তার পরিবারের ওপর চাপ আসছে। ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মারা এবং হেনা হত্যাকাণ্ডের ঘটনায় করা পৃথক দুটি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত হওয়ায় নড়িয়া থানার পুলিশ আসামিদের গ্রেপ্তারে ভূমিকা রাখছে না বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে হেনার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। নড়িয়া থানা, সিআইডি পুলিশ ও হেনার পারিবারিক সূত্রে জানা যায়, হেনা হত্যার ঘটনায় নড়িয়া থানায় ১৮ জনকে আসামি করে দুটি মামলা হয়। হত্যা মামলাটি সিআইডিতে ন্যস্ত করা হয় গত ৯ ফেব্রুয়ারি। ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মারার অভিযোগে করা মামলাটি ন্যস্ত করা হয় গত ২৪ মার্চ। আসামিদের মধ্যে ধর্ষক মাহাবুব খান, প্রধান সালিসকারক ইউপি সদস্য ইদ্রিস শেখসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ১১ জন আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হওয়া সাতজনই ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হেনার বাবা দরবেশ খাঁ অভিযোগ করেন, ‘পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ কোনো উদ্যোগ নিচ্ছে না। আসামি হাসান মীর মালতের ভাই রঞ্জন মীর মালত ও মাহাবুবের ভগ্নিপতি সালাহ উদ্দিন হাওলাদার নানাভাবে মামলা প্রত্যাহারের প্রস্তাব দিচ্ছে। আমি মারা গেলে এই গ্রামে দাফন করতে দেবে না বলেও হুমকি দিয়েছে।’ কান্নাজড়িত কণ্ঠে হেনার মা আকলিমা বেগম বলেন, ‘হেনাকে যারা অত্যাচার করে মেরে ফেলেছে, তাদের অধিকাংশ আমাদের আত্মীয়। পলাতক আসামিরা অন্য আত্মীয়দের মাধ্যমে সামাজিক ও মানসিকভাবে আমাদের চাপের মধ্যে রেখেছে।’ নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘মামলা দুটি সিআইডি তদন্ত করছে। যাবতীয় কাগজপত্র সিআইডির কাছে চলে যাওয়ায় তারাই পলাতক আসামিদের গ্রেপ্তারে ভূমিকা রাখবে। আমরা বিষয়টির প্রতি সতর্ক দৃষ্টি রাখছি।’ হেনা হত্যাকাণ্ড মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘শরীয়তপুরে আমাদের লোকবলের সংকট রয়েছে। আসামি ধরার ব্যাপারে অভিযান চালানোর জন্য কোনো পরিবহনও নেই।’ হেনা হত্যাকাণ্ডের মামলায় আসামিদের অবস্থান জানার জন্য সোর্স লাগানো হয়েছে বলে জানান তিনি। হেনার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে রঞ্জন মীর মালতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। সালাহ উদ্দিন হাওলাদারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।