১১ আসামিকে খালাসের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহসান উল্লাহ  মাস্টার
আহসান উল্লাহ মাস্টার

আওয়ামী লীগের নেতা ও গাজীপুরের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা এই আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে আগামী ১৪ জুলাই শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। আদালতে আবেদনের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। পরে খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ১৪ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। গত বুধবার আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত আসামি ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
হাইকোর্টে খালাস পাওয়া আসামিরা হলেন আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু (পলাতক) ও দুলাল মিয়া (পলাতক)। যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান মনির, রকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী ও জাহাঙ্গীর।