১১ আসামির খালাসে আইনি বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, এর ফলে ওই ১১ আসামির কারামুক্তিতে আইনি বাধা নেই।
খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন ও এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৫ জুন আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত আসামি ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া চার আসামিকে খালাস দেওয়া হয়।
হাইকোর্টে খালাস পাওয়া আসামিরা হলেন আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু (পলাতক) ও দুলাল মিয়া (পলাতক)। যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান মনির, রকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী ও জাহাঙ্গীর।
পরে খালাসের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জুন ১১ আসামির খালাসের রায় স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। গতকাল ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ ‘নো অর্ডার’ দেন।
আদেশের পর মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, এর ফলে আসামিদের কারামুক্তিতে আইনি বাধা থাকল না।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তৎকালীন সাংসদ আহসান উল্লাহ মাস্টারকে। এ ঘটনায় করা হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।