আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৫ জুন আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত আসামি ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
হাইকোর্টে খালাস পাওয়া আসামিরা হলেন আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু (পলাতক) ও দুলাল মিয়া (পলাতক)। যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান মনির, রকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী ও জাহাঙ্গীর।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জুন ১১ আসামিকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তৎকালীন সাংসদ আহসান উল্লাহ মাস্টারকে। সেদিন নিহত হন ওমর ফারুক রতন নামের আরেক ব্যক্তি। এ ঘটনায় করা হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
এদিকে আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, এ রায়ের পর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় জনতা টঙ্গীর মিলগেইট, কলেজগেট এবং চেরাগআলী এলাকায় বেলা দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে ওই মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বেলা তিনটায় পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে সমর্থ হয়।