আওয়ামী লীগের নেতা ও গাজীপুরের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এ মামলার ১১ আসামিকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। মঙ্গলবার (আজ) এ আবেদনের ওপর শুনানি হতে পারে। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ ছিল। অনেকে সাক্ষ্যে বলেছেন যে তাঁরা আসামিদের গুলি করতে দেখেছেন, অস্ত্র হাতে দেখেছেন। তাঁরা হত্যা-ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।
গত বুধবার আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাত আসামি ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ও হাইকোর্টে খালাস পাওয়া আসামিরা হলেন আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু (পলাতক) ও দুলাল মিয়া (পলাতক)। যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান মনির, রকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী ও জাহাঙ্গীর।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তৎকালীন সাংসদ আহসান উল্লাহ মাস্টারকে। সেদিন নিহত হন ওমর ফারুক রতন নামের আরেক ব্যক্তি।