রংপুরের বদরগঞ্জে শিশুসন্তানদের সামনে হাত পা বেঁধে বাবা আমজাদ হোসেনকে (৩৫) নির্যাতনের মামলায় জামিন পাওয়া গ্রাম পুলিশের চার সদস্যসহ ১১ আসামির জামিনের আদেশ বাতিল করা হয়েছে। রংপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত গতকাল সোমবার সন্ধ্যায় ওই জামিন আদেশ বাতিল করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরপর গতকাল রাতে আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও মামলার মূল আসামি কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই মামলার বাদী আবদুল গফুর গত রোববার থানায় লিখিত অভিযোগে জানান, মামলার আসামিরা জামিন পেয়ে তাঁর প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে তিনি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল রায় জানান, বাদীর লিখিত অভিযোগটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করার পর তদন্তে সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। পরে আদালত আসামিদের জামিনের আদেশ বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিরা হলেন সোহাগ হোসেন, ছিদ্দিকুল ইসলাম, মোশারফ হোসেন, আবদুল মজিদ, মতিকুল ইসলাম, হামিদুল ইসলাম, নজরুল ইসলাম এবং গ্রাম পুলিশের সদস্য শাফি মিয়া, মোশাররফ হোসেন, আবদুল মান্নান ও আবদুর রহিম।
নির্যাতনের ঘটনায় আমজাদের বাবা আবদুল গফুর বাদী হয়ে ১৭ অক্টোবর বদরগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান শহিদুল হক, গ্রাম পুলিশের চার সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
বদরগঞ্জ উপজেলার বৈরামপুর গফুরেরপাড়া গ্রামের আমজাদ কোরবানির জন্য স্থানীয় কাঁচাবাড়ি মৌলভীপাড়া গ্রামের ছহিরুল ইসলামের কাছ থেকে ১১ হাজার টাকায় একটি গরু কেনেন। ১৩ অক্টোবর ইউপি চেয়ারম্যান শহিদুল হকের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা গরু কেনার বৈধ কাগজপত্র না পেয়ে আমজাদ ও ছহিরুলকে আটক করেন। এরপর ওই দুজনকে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সদস্যরা কোমরে দড়ি বেঁধে পেটাতে পেটাতে এলাকায় নিয়ে ঘুরে বেড়ান। পরে তাঁদের স্থানীয় বৈরামপুর উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। এ সময় আমজাদের তিন মেয়ে বাবাকে পেটাতে দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে।
নির্যাতনের ঘটনা নিয়ে প্রথম আলো ও প্রথম আলো ডটকমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।