১১ এপ্রিল উপজেলায় ও ২০ এপ্রিল জেলায় সিপিবির সমাবেশ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেশনিং ন্যায্য মূল্যের দোকান, কৃষিতে সাহায্যসহ বিশেষ কর্মসংস্থান চালুর দাবিতে আগামী ১১ এপ্রিল উপজেলাগুলোতে এবং ২০ এপ্রিল জেলায় জেলায় সমাবেশ ও বিক্ষোভ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ‘দাম কমাও জান বাঁচাও’ স্লোগান সামনে রেখে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আওতায় এ ঘোষণা দিয়েছে সিপিবি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে পার্টি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেয় সিপিবি। পার্টির প্রেসিডিয়াম সদস্য সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা স্থায়ী রেশনিং, খোলাবাজারে চাল বিক্রি ও ন্যায্য মূল্যের দোকানের তথ্য জনসমক্ষে নিয়মিত প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁরা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলেও সরকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। সমাবেশে বক্তব্য দেন পার্টির নেতা হায়দার আকবর খান রনো, রুহিন হোসেন প্রিন্স, সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব, আশরাফ হোসেন, আবদুল কাদের প্রমুখ।