চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতা কুক্ষিগত করতে বারবার সংবিধান সংশোধন করেছে। নিজেদের স্বার্থেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু আবার তা বাতিলও করেছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের স্থানীয় একটি হোটেলে ‘পঞ্চদশ সংশোধনী ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। পিপলস ফর ফোরাম ভয়েস (পিএফভি) এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ-বিএনপির ক্ষমতার দ্বন্দ্ব আর রাজনৈতিক সংঘাত যে পর্যায়ে যাচ্ছে, তাতে আবার ১/১১-এর মতো পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে একটি প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তির উদ্ভব জরুরি হয়ে পড়েছে।আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরসহ নাগরিক সমাজের নেতারা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনজুর-উল-আমিন চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, সরকার সংবিধান সংশোধন করে জোর করে ক্ষমতা দখলকে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ করেছে। কিন্তু ভবিষ্যতে যারা ক্ষমতা দখল করবে, তারা সংবিধান তো মানবেই না, বরং বাতিল করে দেবে।রনো বলেন, ‘রাষ্ট্রধর্ম, ধর্মনিরপেক্ষতা, বৈদেশিক নীতি, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা—এসব মৌলিক প্রশ্নে আওয়ামী লীগ বিএনপির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। পঞ্চদশ সংশোধনীর পর আদর্শগতভাবেও দুই দলের পার্থক্য অনেক কমে গেছে।’ তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আবার ১/১১-এর মতো ঘটনার আশঙ্কা প্রকাশ করেন। মুজাহিদুল ইসলাম বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জামায়াতে ইসলামীকে নতুন করে রাজনীতি করার বৈধতা দেওয়া হয়েছে। আদালতের রায়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলেও সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জামায়াত ও অন্যান্য ধর্মভিত্তিক দলকে এক ধরনের বৈধতা দেওয়া হয়েছে।’আসিফ নজরুল বলেন, ‘স্বাধীনতার পর তিনবার ছাড়া প্রতিবারই ক্ষমতা কুক্ষিগত করতে সংবিধান সংশোধন করা হয়েছে।’পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে তিনি বলেন, ‘একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম রাখা পৃথিবীর একমাত্র রাষ্ট্র বাংলাদেশ।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন, ‘পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের প্রতিক্রিয়ায় ২০০৬ সালের পরিস্থিতির উদ্ভব হতে পারে।’মাহমুদুর রহমান মান্না বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর এমন জগাখিচুড়ি অবস্থা যে, আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টিকে চেনা যাচ্ছে না। আওয়ামী লীগ বিএনপির বিরোধিতা করলেও তাদের সব নীতি মেনে নিয়েছে। আবার বিএনপি কী কারণে হরতাল ডাকছে সেটা বোঝা যাচ্ছে না।’রোকনউদ্দিন বলেন, ‘আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছেন। সরকার আদালতের রায় অর্ধেক মেনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাদ দিয়েছে।’ নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেন, ‘আওয়ামী লীগ নিজেই নিজেকে বিএনপি-জাতীয় পার্টির কাতারে নিয়ে গেছে। এখন নতুন প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তির উদ্ভব ঘটাতে হবে। নতুন একটি সংবিধান রচনা করতে হবে।’