১১ ও ১২ জানুয়ারি ঢাকা-দুবাই গন্তব্যে বিমানের দুটি অতিরিক্ত ফ্লাইট
প্রবাসীদের সুবিধার্থে ১১ ও ১২ জানুয়ারি ঢাকা-দুবাই রুটে দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ রোববার বেলা আড়াইটা থেকে এই দুটি ফ্লাইটের টিকিট কেনা যাবে। তবে এই টিকিটের দাম কত হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ ও ১২ জানুয়ারি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ছেড়ে যাবে বিমানের ফ্লাইট বিজি ৪০৪৭। ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছাবে স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায়।
দুবাইয়ের ভ্রমণ নির্দেশনা অনুসারে, যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিমান। যাত্রীরা বিমানের যেকোনো বিক্রয়কেন্দ্র ও রাজধানীর বিমানবন্দর এলাকায় বলাকার প্রধান কার্যালয়ের বিক্রয়কেন্দ্র থেকে এই ফ্লাইট দুটির টিকিট পাওয়া যাবে।