১১ ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপির কেউ নেই
ভোলার তিন পৌরসভায় কাউন্সিলর পদে মোট ১০৭টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। তিন পৌরসভায় ১১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপি-সমর্থিত কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, তিন পৌরসভার মধ্যে ভোলা সদর পৌরসভায় কাউন্সিলর পদে ২৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ পৌরসভায় ১ ও ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে এবং ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপি-সমর্থিত কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
দৌলতখানে কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপির কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
বোরহানউদ্দিনে কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ পৌরসভায় ৩ ও ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপি-সমর্থিত কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।