১১ ওয়ার্ডে মডেল নির্বাচন
নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নের ১১টি ওয়ার্ডে মডেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। টাকার ছড়াছড়ি বন্ধ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উৎসাহিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।ডিমলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের উদ্যোগে এই মডেল নির্বাচন হতে যাচ্ছে। তিনি জানান, এ নির্বাচনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের ছবি ও প্রতীকসংবলিত একটি পোস্টারে প্রচারণা চালাবেন। এর বাইরে কেউ আলাদা পোস্টার করতে পারবেন না। একই মঞ্চে সব প্রার্থী তাঁদের প্রচারণা চালাবেন। কেউ কোনো ভোটারকে অর্থ দিতে বা আপ্যায়ন করতে পারবেন না। শর্ত ভঙ্গ করলে জরিমানা করা হবে।মডেল নির্বাচনী এলাকার মধ্যে নাউতরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড একটি। গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের প্রত্যেকের প্রতীক ও ছবি এক পোস্টারে। তাতে লেখা হয়েছে—আমাদের মধ্য থেকে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিন। কলুষমুক্ত ও কালোটাকামুক্ত নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ। আরও নানা স্লোগান।ওই ওয়ার্ডের ভোটার আকাশকুড়ি গ্রামের রশিদুল ইসলাম বলেন, ‘মডেল নির্বাচনের কারণে মেম্বার পদপ্রার্থীরা একসাথে পোস্টার করেছেন। এখানে চা, পান, বিড়ি খাওয়ানো বন্ধ হয়েছে। তাঁরা একসাথে বৈঠক করে বলেন যে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।’ভোটার সহিদ হোসেন বললেন, ‘নমিনেশন দাখিলের আগে যা হইছে, হইছে। এখন সব বন্ধ। এভাবে যদি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা পদপ্রার্থীদেরও করা যেত, তাহলে খুব ভালো হতো।’গ্রামের দরিজুল ইসলাম বলেন, ‘ভোট করতে তাঁদের কোনো খরচ হচ্ছে না। সে কারণে যে জিতবে, সে কার্ড (ভিজিডিসহ নানা সুবিধাভোগের কার্ড) দেওয়ার সময় টাকাও নিতে পারবে না।’ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফতাব আলী বলেন, ‘পাঁচজন প্রার্থী একসাথে নির্বাচন করছি। প্রত্যেকে চার হাজার ৫৩০ টাকা করে দিয়ে একসাথে পোস্টার করেছি। একসাথে সভা-সমাবেশ করছি। অন্য কোনো খরচ নাই। চা, পান, বিড়ি—সব বন্ধ।’একই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইসমাইল হোসেন বলেন, ‘এভাবে নির্বাচন করতে কোনো সমস্যা হচ্ছে না, বরং সুবিধা হচ্ছে। চেয়ারম্যান পদপ্রার্থীদেরও এভাবে আনা গেলে খুব ভালো হতো। আমরা একসাথে প্রচারণা চালাচ্ছি। ভোটাররা যাকে যোগ্য মনে করবে, তাকে নির্বাচিত করবে। আমরা পরাজিত প্রার্থীরা বিজয়ী প্রার্থীকে মালা দিয়ে বরণ করে এলাকার উন্নয়নে একসাথে কাজ করব।’ইউএনও বলেন, ‘মডেল নির্বাচন করার জন্য ১০ ইউনিয়নের প্রার্থীদের আহ্বান জানালে নয়টি ইউনিয়নের ১১টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থীরা সাড়া দেন। তাঁরা অঙ্গীকার করেছেন, এভাবে নির্বাচন করবেন। এতে তাঁদের অতিরিক্ত ব্যয়ও বন্ধ হয়েছে। কেউ যাতে তাঁদের অঙ্গীকার ভঙ্গ না করেন, সে ব্যাপারে প্রতিটি ওয়ার্ডে পাঁচ সদস্যের কমিটি করা আছে। এখন পর্যন্ত তাঁরা তাঁদের দেওয়া অঙ্গীকারমতো কাজ করছেন। এই মডেল নির্বাচন সফল হলে আগামীতে আরও বেশি সাড়া পাওয়া যাবে।’জেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। সেখানকার সমন্বয়কারী হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ উদ্যোগ নিয়েছেন। এ পদ্ধতিতে নির্বাচন করা গেলে প্রার্থীদের ব্যয় যেমন কমবে, তেমনি নির্বাচনী সংঘাত-সহিংসতাও কমে যাবে।’১২ জুন এ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।