আজ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
১১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ‘মার্কেট রেসপনসিভ ট্রেড’
দেশে দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় ‘মার্কেট রেসপনসিভ ট্রেড’ নামে নতুন একটি কোর্স সংযুক্ত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেটসহ দেশের ১১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন এই কোর্স আজ শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আজ এই কোর্সের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রকল্পের পরিচালক চৌধুরী মুফাদ আহমদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এতে কারিগরি শিক্ষার বিকাশে দেশে ও দেশের বাইরে দক্ষ জনশক্তি গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।দুপুরে সিলেট নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কারিগরি শিক্ষার নতুন কোর্সকে ‘নতুন দিগন্ত’ হিসেবে অভিহিত করে বলা হয়, প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষার মান বাড়ানোর মধ্যে দক্ষ জনশক্তি গড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষতা উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় ছাড়া আরও ২২টি মন্ত্রণালয় দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে। ‘মার্কেট রেসপনসিভ ট্রেড কোর্স’ নামের নতুন কারিগরি শিক্ষা অর্জন হবে ৩৬০ ঘণ্টায়। পরীক্ষামূলকভাবে এই কোর্স চালু হলেও কোর্স শেষে সফলতার মধ্য দিয়ে গঠন করা হবে একটি দক্ষ জনগোষ্ঠী। সংবাদ সম্মেলনে প্রকল্প পরিচালক বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব সারা বিশ্বে রয়েছে। এই গুরুত্ব বিবেচনায় দেরিতে হলেও এই প্রকল্প নেওয়া হয়েছে। কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গঠন সম্ভব হলে দেশের প্রবাসী আয়ও বেড়ে যাবে। পাশাপাশি দেশে থাকা কর্মহীন জনগোষ্ঠীর সংখ্যা শূন্যতে নেমে আসবে।সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সুশান্ত কুমার বসু বক্তব্য দেন।সংবাদ সম্মেলনে এই কোর্সের খুঁটিনাটি দিক তুলে ধরা হয়। এই কোর্সে ভর্তি হতে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। চাইলে যে কেউ উচ্চশিক্ষার পাশপাশি এই কোর্স সম্পন্ন করতে পারবেন। শিক্ষা দেবেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষকেরা।