১১ কিলোমিটারে খানাখন্দ ভাঙাচোরা, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-ঢাকা মহাসড়কের জয়পুরহাটের বটতলী সেতু থেকে জেলা শহর পর্যন্ত ১১ কিলোমিটার অংশের বেহাল দশার কারণে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খোয়া, কার্পেটিং উঠে অধিকাংশ স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্থানে স্থানে দেবে ও ফেটে চৌচির হয়ে গেছে মহাসড়কটির বেশ কিছু স্থান।এলাকাবাসী, যানবাহনের চালক ও সওজ সূত্রে জানা গেছে, গত বছর বর্ষায় মহাসড়কের বটতলী থেকে কোমরগ্রাম পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশে পানি ওঠায় সড়কটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না করায় অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি ভাঙাচোরা হওয়ায় বগুড়া ও ঢাকাগামী দূরপাল্লার বাসসহ কালাই ও ক্ষেতলাল উপজেলা সদরগামী অভ্যন্তরীণ রুটের যানবাহনগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। গত তিন মাসে এ সড়কে অর্ধশতাধিক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। বগুড়া মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী ফজলুর রহমান তালুকদার বলেন, ‘বটতলী থেকে জয়পুরহাট পর্যন্ত মহাসড়কের ঝুঁকিপূর্ণ ওই অংশের কারণে এ সড়কে পরিবহন ব্যবসা লাটে উঠেছে। প্রতিদিনই দু-চারটি গাড়ি ওই সড়কে বিকল হয়ে পড়ে থাকছে। এতে পরিবহন মালিকদের লোকসান গুনতে হচ্ছে।’জয়পুরহাট বাস টার্মিনালে মালিক সমিতি নিয়োজিত সময় নিয়ন্ত্রণকর্মী শহীদুল ইসলাম বলেন, গত তিন মাসে সড়কের ওই অংশে অর্ধশতাধিক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ইঞ্জিন বিকল হয়েছে কয়েক শ গাড়ির।কালাইয়ের ট্রাকচালক মিজানুর রহমান বলেন, হিলি স্থলবন্দর থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে জয়পুরহাট থেকে বটতলী বাজার পর্যন্ত অংশে গত তিন মাসে অন্তত তিনবার দুর্ঘটনায় পড়তে হয়েছে। আর ইঞ্জিন বিকল হয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে অন্তত ১০ বার।কালাইয়ের সবজি ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের ওই অংশের বেহাল দশার কারণে ভ্যানের টায়ার-টিউব প্রায়ই ফেটে যায়; তাই কোনো ভ্যানচালক ভ্যান নিয়ে এ সড়ক দিয়ে যেতে রাজি হয় না। এ কারণে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে মোকাম থেকে সবজি এনে বিক্রি করতে হচ্ছে।জয়পুরহাট সদর থানার পুলিশের উপপরিদর্শক (বর্তমানে উচ্চতর প্রশিক্ষণে) নাসির উদ্দিন সরকার বলেন, ওই সড়কে দুর্ঘটনায় প্রাণহানির সঠিক পরিসংখ্যান রেকর্ড না দেখে বলা সম্ভব নয়। তা ছাড়া সব দুর্ঘটনার রেকর্ড থানায় না-ও থাকতে পারে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জয়পুরহাটের নির্বাহী প্রকোশলী সুরুজ মিয়া বলেন, ‘জয়পুরহাটে সবেমাত্র যোগদান করেছি, এখানে যোগদানের পরপরই জেনেছি ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংস্কারকাজ যাতে দ্রুত শুরু করা হয়, সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’