১১ কিশোরী পাচারের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার, কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের ১১ কিশোরীকে পাচারের অভিযোগে এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাঙামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এলাকা থেকে ভিক্ষু উস্বিরীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোয়াংছড়ি থানায় ওই বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করেন উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ার বাসিন্দা মংপ্রুহ্লা মারমা।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ভিক্ষু উস্বিরী ১১ কিশোরীকে মিয়ানমারে পাঠানোর কথা স্বীকার করেছেন।
মামলার বাদী মংপ্রুহ্লা মারমা বলেন, বিনা খরচে আশ্রমে পড়াশোনার সুযোগ দেওয়ার কথা বলে তাঁর পঞ্চম শ্রেণিপড়ুয়া মেয়েকে দুই মাস আগে কাপ্তাই নিয়ে যান ওই ভিক্ষু। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর মেয়ে সেখানে নেই। একইভাবে রোয়াংছড়ির নোয়াপতং ও তারাছা ইউনিয়নের নোয়াপাড়া, হাফিক্যপাড়া, ম্রংখ্যংপাড়া, ডলুঝিরিপাড়াসহ বিভিন্ন পাড়া থেকে ওই বৌদ্ধ ভিক্ষু অনেক কিশোরীকে কাপ্তাই নিয়ে যান। তাদেরও খোঁজ মিলছে না।
নোয়াপাড়ার রেদাকসে মারমা, অংম্রাচিং, ক্যহ্লচিং মারমা, ডলুঝিরির উচনু মারমা অভিযোগ করেছেন, হ্লাশৈপ্রু ও সুঝা নামে দুই দালালের মাধ্যমে গ্রেপ্তার ওই ভিক্ষু রোয়াংছড়ি ও রুমা এলাকার কয়েকজন কিশোরীকে আশ্রমে নিয়ে পরে মিয়ানমারে পাচার করেছেন।
তারাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সুইহ্লাউ মারমা বলেন, আরাকানের বুসিডংয়ের একটি বিহারে ওই ১১ কিশোরী রয়েছে বলে মুঠোফোনে তাদের এক অভিভাবককে এক দালাল জানিয়েছে।
এ বিষয়ে রোয়াংছড়ির এসআই গোলাম মোস্তফা বলেন, কিশোরী পাচারের ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হবে।