১১ খাল দখলমুক্ত করা হবে: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১১টি খাল দখলমুক্ত করতে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ রোববার বিকেলে ডিএসসিসির নগর ভবনে এক সভায় মেয়র এই ঘোষণা দেন। ঢাকা জেলা প্রশাসন, ডিএসসিসি ও ঢাকা ওয়াসা যৌথভাবে এই অভিযান পরিচালনা করবে।

মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। অথচ নগরীর আশপাশের খালগুলো অবৈধ ভাবে দখল হয়ে আছে। এ কারণে শহরের বৃষ্টির পানি সরতে পারছে না। তাই প্রাথমিকভাবে নন্দীপাড়া ত্রিমোহিনী খাল উদ্ধার ও পরিষ্কার করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

মেয়র বলেন, বর্তমানে ধর্মীয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে খাল ও জলাশয় দখল চলছে। কেউ কেউ খালের ওপর নির্মাণ করছে বহুতল ভবন। অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙে দেওয়া হবে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা জেলা প্রশাসক মো. সালাউদ্দীন বলেন, ডিএসসিসি এলাকায় মোট ১১টি খাল রয়েছে। যেগুলোর অধিকাংশের অবস্থাই খারাপ। কিছু খালের বর্তমানে কোনো চিহ্নই নেই। ব্যক্তি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার নামে অনেক খালের জায়গা রেকর্ড করা হয়েছে। এসব খাল উদ্ধারে ডিএসসিসিকে সহায়তা করবে জেলা প্রশাসন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম খান বলেন, আগে ঢাকা শহরে প্রায় ৬২টি খাল ছিল। বর্তমানে ডিএসসিসি এলাকায় মাত্র সাতটি খাল দেখা যায়। বাকি খালগুলো অবৈধ ভাবে দখল হয়ে গেছে। এতে বেশি বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সভায় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এম কে বখতিয়ার, প্রধান প্রকৌশলী ফরাজি শাহাবুদ্দিন, ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।