১১ গ্রামের কৃষক দুই সপ্তাহ ধরে সার পাচ্ছেন না
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ডিলাররা অতিরিক্ত দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষকদের অভিযোগ, ডিলাররা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রি করছেন। উপজেলার শ্রীধরপাশা গ্রামের কৃষক ফারুক মিয়া বলেন, দুই সপ্তাহ ধরে মোহাম্মদগঞ্জ বাজারের সার ডিলারের দোকানটি বন্ধ রয়েছে। এলাকার ১১টি গ্রামের কৃষক সার পাচ্ছেন না। কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, প্রতি বস্তা ৫০ কেজি সারের দাম সরকারিভাবে ৬০০ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও ডিলাররা তা ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি করছেন। তিনি কলকলিয়া বাজারের ডিলারের কাছ থেকে দুই বস্তা সার ৭০০ টাকা দরে কিনছেন বলে জানান। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় সারের ডিলার রয়েছেন নয়জন। সাব-ডিলার রয়েছেন আরও ২৩ জন। এর মধ্যে ফেব্রুয়ারিতে ৬৪০ টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। কলকলিয়া ইউনিয়নের সারের ডিলার সিদ্দিকুর রহমান বলেন, ‘ফেব্রুয়ারি মাসে আমি ৭০ টন সার বরাদ্দ পেলেও গুদাম থেকে এখন পর্যন্ত ছাড় পেয়েছি মাত্র ৩০ টন। যে কারণে কৃষকদের চাহিদার কথা বিবেচনা করে অন্যান্য জায়গা থেকে আরও সার বেশি দামে কিনে আনতে হয়েছে। তাই বস্তাপ্রতি কিছু বাড়তি নেওয়া হচ্ছে।’ শ্রীধরপাশা মোহাম্মদগঞ্জ বাজারের ডিলার ফয়ছল আহমদ বলেন, ‘যাতায়াতের অনেক সমস্যা। দুই সপ্তাহ ধরে সার আনতে পারছি না। কৃষকদেরও দিতে পারছি না।’ কলকলিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাশিম বলেন, ‘সারের জন্য কৃষকেরা আমাদের কাছে অভিযোগ করেন। তাই কৃষকদের অভিযোগের বিষয়টি আমরা উপজেলা কৃষি কর্মকর্তাকে জানিয়েছি। এর পরও কৃষি বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি।’ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান বিন শহীদ বলেন, যাঁরা অতিরিক্ত দামে সার বিক্রি করছেন, তাঁদের কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। তিনি জানান, এ উপজেলায় সারের কোনো সংকট নেই। যাঁরা সংকট সৃষ্টি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।