১১ গ্রামের দুঃখ এক কিমি সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক কিলোমিটার ভাঙা সড়কের কারণে খাগড়াছড়ি সদরের ১১টি গ্রামের হাজারো মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এক দশক আগে ইট বসানো সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না।
সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ি সদরের মধুপুর বাজারের পূর্বে সরকারি শিশুসদনের পর থেকে এই সড়কের শুরু। সেখান থেকে হরিনাথপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কের কিছু অংশ খাগড়াছড়ি পৌরসভায় ও কিছু অংশ গোলাবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই এক কিলোমিটারের বেশির ভাগ স্থানে ইট উঠে গেছে। বৃষ্টি ও রাঙাপানি ছড়ার পানির স্রোতে অন্তত ১০-১২টি স্থানে সড়ক ভেঙে গেছে। এই সড়ক দিয়ে কেবল বর্ষাকালে নয়, শুকনো মৌসুমেও কোনো যানবাহন চলাচল করতে পারে না।
হরিনাথপাড়ার বাসিন্দা সুকৃর্তি বিকাশ চাকমা জানান, এক দশক আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই সড়কে ইট বসানো হয়। সড়কটি দিয়ে ১১টি গ্রামের মানুষ চলাচল করে।
সাতভাইপাড়ার বাসিন্দা বেলা মারমা বলেন, এখান থেকে জেলা সদর হাসপাতালের দূরত্ব এক কিলোমিটার। অথচ ওই হাসপাতালে রোগী নিতে হলে কাঁধে করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই সড়কের কথা বললে কোনো যানবাহন আসতে চায় না।
গোলাবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিথন চাকমা বলেন, এই ধরনের সড়ক পুনর্নির্মাণ বা সংস্কারের মতো বরাদ্দ বা আর্থিক সংগতি ইউনিয়ন পরিষদের নেই। তিনি বলেন, ‘বর্ষার পানিতে রাস্তার কয়েকটি স্থান ভেঙে যাচ্ছে। সেটি জরুরি ভিত্তিতে রক্ষা করার মতো আর্থিক সামর্থ্যও ইউনিয়ন পরিষদের নেই। রাস্তাটি সংস্কারের জন্য সদর উপজেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অনেকবার আবেদন করেছি। কিন্তু কাজ হয়নি।’
গোলাবাড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পহেলী চাকমা জানান, বর্ষায় শিক্ষার্থী ও গ্রামের কর্মজীবী নারীদের চলাচলে খুবই অসুবিধা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম বলেন, ‘এক দশক আগে ওই সড়কে ইট বিছানো হলেও সেটি আর সংস্কার করা হয়নি। সড়কটির বর্তমানে যে অবস্থা, তাতে এটি পুনর্নির্মাণ করতে হবে। এই সড়কের ব্যাপারে বোর্ডের চেয়ারম্যানও অবহিত আছেন। তিনি সড়কটি পুনর্নির্মাণ শুরুর নির্দেশ দিয়েছেন।’