১১ ঘণ্টা পর ছেলের লাশ উদ্ধার করলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষে নানিকে সঙ্গে নিয়ে ঢাকায় কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিল পোশাকশ্রমিক নুরে আলম (১৭)। ৬০০ টাকায় টিকিট করে বাসের ভেতরে বসানো হয় নানিকে। আর ১০০ টাকা ভাড়ায় নিজে চড়ে বাসের ছাদে। টাঙ্গাইলের মির্জাপুরের পোস্টকামুরী এলাকায় রাস্তার পাশে বাসটি খাদে পড়ে যায়।

গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটলেও নুরে আলমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে তার বাবা এসে দুর্ঘটনাস্থল-সংলগ্ন জলাশয়ে সন্ধান চালিয়ে ১১ ঘণ্টা পর ছেলের লাশ উদ্ধার করেন। বাসটির চালকের সহকারী মানিকগঞ্জ সদরের বারুল বাজার এলাকার আতাউরও (৩০) নিহত হয়েছেন এ ঘটনায়। আহত হন কমপক্ষে আটজন।

এ ছাড়া গতকাল আরও ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় একজন করে ছয়জন নিহত হয়েছেন। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

মির্জাপুর (টাঙ্গাইল): আহত যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে রংপুরের পীরগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা-মানিকগঞ্জ চলাচলকারী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মির্জাপুরের পোস্টকামুরী এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তিন-চার ফুট নিচু জায়গায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালকের সহকারী আতাউর। দুর্ঘটনার পর ছাদে থাকা নাতি নুরে আলমকে না পেয়ে কাঁদতে থাকেন নানি জাহেরা খাতুন।

খবর পেয়ে নুরে আলমের বাবা আজিজল ইসলাম মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ছুটে যান। সেখানে না পেয়ে তিনি দুর্ঘটনাস্থলে যান। প্রথমে আজিজল রাস্তার পাশের জঙ্গলে ছেলেকে খুঁজতে থাকেন। পরে তিনি ওই জঙ্গলের পাশে জমে থাকা বর্ষার পানিতে খুঁজতে থাকেন। একপর্যায়ে দুর্ঘটনার ১১ ঘণ্টা পর তিনি সেখান থেকে ছেলের লাশ উদ্ধার করেন।

পাটগ্রাম (লালমনিরহাট): গতকাল সকালে পাটগ্রাম-দহগ্রাম আঙ্গরপোতা আঞ্চলিক সড়কে পাটগ্রাম উপজেলার জামতলি সেতুর কাছে নছিমন উল্টে যায়। এতে ফজল হক (৪৫) নামের এক ব্যক্তি চাপা পড়ে মারা যান।

নীলফামারী: মঙ্গলবার রাত ১০টার দিকে জলঢাকা-রংপুর সড়কে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কমিউনিটি পুলিশ বক্স এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক ফেরদৌসী আক্তার নামের অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লামাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুছ আলী (৩০) ও তাঁর সঙ্গী আবদুস শহিদ (২৮) মোটরসাইকেলে করে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে লামাবাজারের ফরিদপুর মোড়ে পৌঁছলে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলে ইউনুছ ও হাসপাতালে নেওয়ার পথে শহিদ মারা যান।

গাজীপুর: গতকাল ভোরে এক নারী (৩০) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ী এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি।

ফরিদপুর: ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউপির চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, গতকাল দুপুরে ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের মৃত জাহাঙ্গীর শেখের ছেলে তামিম (৮) তার মায়ের সঙ্গে ইউনিয়নের মালিগ্রাম বাজার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে ছিল। বেলা পৌনে একটা দিকে একটি মাইক্রোবাস শিশুটিকে চাপা দেয়। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলায় শেরপুর-ঢাকা মহাসড়কের কুর্শাবাদাগৈড় এলাকায় গতকাল রাতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী ওসমান গণি (৫৫) নিহত হন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামসোনা এলাকায়।