১১ ঘণ্টা পর সচল পণ্য পরিবহন
প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে সারা দেশে সড়কপথে পণ্য পরিবহন শুরু হয়েছে। পাঁচ দফা দাবিতে রোববার ভোর ছয়টা থেকে এই কর্মসূচি শুরু করেছিল বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন ২২টি সংগঠন।
পরিবহনের নেতারা জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁদের দাবি নিয়ে আলোচনার জন্য চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে দায়িত্ব দেন। মেয়র তাঁদের সঙ্গে আলোচনা করে এক মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। এরপরই আগামী এক মাস এই কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।
বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক চৌধুরী জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের মেয়র এক মাসের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এ কারণে এক মাসের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে।
জানা গেছে, এক্সেল লোড কন্ট্রোল বা ওজন পরিমাপক যন্ত্র একই নিয়মে পরিচালনাসহ পাঁচ দফা দাবিতে গত ১৬ অক্টোবর কর্মবিরতি কর্মসূচির ডাক দিয়েছিল ঐক্য পরিষদ। পাঁচ দফা দাবি হলো একই নিয়মে এক্সেল লোড কন্ট্রোল পরিচালনা করা, কাভার্ড ভ্যান ও ট্রেইলরের আরোপিত কর ১০ হাজার টাকা বাতিল করে আগের নিয়মে ৫০০ টাকা নেওয়া, সহজ শর্তে চালকদের লাইসেন্স প্রদান, সড়ক-মহাসড়কে পুলিশি নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করা এবং বৃহত্তর চট্টগ্রামে ট্রাক টার্মিনাল নির্মাণ।
কর্মসূচির কারণে রোববার সকাল ৬টা থেকে ১১ ঘণ্টা চট্টগ্রাম থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ ছিল। কর্মবিরতির প্রভাবে এই সময়ে বন্দর চত্বর থেকে আমদানি-রপ্তানি পণ্য আনা-নেওয়াও বন্ধ হয়ে পড়ে। বিকেল পাঁচটায় কর্মসূচি প্রত্যাহার করা হলেও সন্ধ্যা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে পরিবহনের নেতারা জানিয়েছেন।