১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া-কাওরাকান্দি নৌপথে শুক্রবার রাত থেকে প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল করেনি। কুয়াশা কমলে গতকাল শনিবার সকাল ১০টার পর থেকে ফেরি চলাচল শুরু হয়। তখনো চারটি ঘাটে আটকে ছিল সহস্রাধিক যানবাহন।কুয়াশার কারণে শুক্রবার রাতে দৌলতদিয়া ঘাটে দুটি, মাঝনদীতে দুটি ও পাটুরিয়া ঘাটে চারটি এবং মাওয়া-কাওরাকান্দি নৌপথে ছয়টি ফেরি শতাধিক যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে। রাতভর ফেরিতে ও ফেরিঘাটে আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হয় বাসযাত্রী, পরিবহনশ্রমিক ও কাঁচা পণ্যের ব্যবসায়ীদের।দৌলতদিয়া-পাটুরিয়া: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের রেজিস্টার খাতার হিসাব অনুযায়ী, কুয়াশার কারণে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পাটুরিয়া কার্যালয়ে ফেরি চলাচল বন্ধ হয় রাত ১১টা থেকে। দুটি ঘাটে তখন কাঁচা পণ্য, মাছবাহী ট্রাক ও যাত্রীবাহী কিছু বাসসহ শতাধিক যানবাহন ছিল পারাপারের অপেক্ষায়। রাত বাড়ার সঙ্গে যানবাহনের সারিও বড় হতে থাকে। খুলনার ডুমুরিয়ার ১৮ মাইল বাজার থেকে আট টন রুই, কাতলা, মৃগেল মাছ বোঝাই করে সিলেটে যাচ্ছিলেন ট্রাকচালক আনোয়ার হোসেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে আনোয়ার বলেন, ‘প্রায় ৩০ লাখ টাকার মাছ নিয়ে শুক্রবার রাত ১১টার দিকে ঘাটে আটকা পড়ি। আজ ভোরে সিলেটের বাজারে পৌঁছানোর কথা, কিন্তু এখনো ফেরির নাগাল পাইনি। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় বরফ গলে মাছ নষ্ট হয়ে যাচ্ছে।’মেহেরপুর থেকে সাত টন কপি নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন ব্যবসায়ী জাকির হোসেন। তিনি রাত ১১টার দিকে ঘাটে আটকা পড়েন। সকালে বাজার ধরতে না পারায় অন্তত ৪০ হাজার টাকার লোকসান হবে বলে তিনি জানান।গতকাল সকাল থেকে দুুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের চার কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। দুই সারিতে ৬০০-এর মতো বিভিন্ন যানবাহন আটকা। যাত্রীদের কেউ কেউ রাস্তার পাশে অস্থায়ী দোকান থেকে খাবার কিনছিল। কেউ কেউ দীর্ঘ পথ হেঁটে ঘাটে যাচ্ছিল। খুলনা থেকে স্ত্রী ও পাঁচ বছরের মেয়েকে নিয়ে ঢাকায় যেতে রাতেই রওনা করেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জামিল আহাম্মেদ। কিন্তু ফেরি বন্ধ থাকায় সারা রাত বাসে কাটাতে হয় তাঁদের। ফেরি চলাচল বন্ধ থাকায় জামিলের মতো কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগে পড়তে হয়।কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে ৬০০-এর মতো যানবাহন আটকা পড়ে। এ কারণে গতকাল ভোর থেকে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে আটকে রাখা হচ্ছে।মাওয়া-কাওরাকান্দি: গতকাল সকালে মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী বাস ও মালবাহী শতাধিক ট্রাক পদ্মা পারাপারের ঘাটে অপেক্ষায়। কুয়াকাটা থেকে আসা সজীব, কুষ্টিয়ার সোবাহান, সেলিমসহ অনেকে বলেন, ‘রাতে কুয়াশার কারণে ঘাটে আটকা পড়ি। একদিকে শীতে কষ্ট, অন্যদিকে খাবারের দোকানে বাড়তি দাম।’ বিআইডব্লিউটিএর মাওয়া অঞ্চলের ব্যবস্থাপক আশিকুর রহমান বলেন, কুয়াশার কারণে নদীর দিকনির্দেশক বাতি, মার্কিং, সিগন্যাল বাতি অস্পষ্ট হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালে কুয়াশা কমার পর আবার ফেরি চলাচল শুরু হয়।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার; গোয়ালন্দ (রাজবাড়ী) ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধি এবং মানিকগঞ্জ সংবাদদাতা]