শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল সোয়া ১১ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় চালু হয়েছে। ঘন কুয়াশার কারণে গত শুক্রবার রাত ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পারে যানবাহনের ভিড় বেড়ে যায়। প্রায় ৮০০ যান দুই পারে অপেক্ষায় থাকে। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর তা কমতে শুরু করে।
বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালিদ বলেন, রো রো ফেরিতে ফগলাইট স্থাপন করলেও তার সুফল পাওয়া যায়নি। তবে রাডার স্থাপন করে গতকাল রো রো ফেরি শাহ মখদুম ও শাহ পরান চলাচল করেছে। শিমুলিয়ায় চারটি রো রোসহ ১৪টি ফেরি চলাচল করছে। এর মধ্যে শুধু ৩টি রো রো ফেরিতে রাডার স্থাপন করা হয়েছে। তবে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনে রাডার থাকলেও চ্যানেলে পানি কম থাকায় এটি ঠিকমতো চলাচল করতে পারছে না। পানি কম থাকায় এটি জোয়ার ধরে চলাচল করছে। এ ছাড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে এখনো রাডার স্থাপন করা হয়নি।
শাহ নেওয়াজ আরও বলেন, ঘন কুয়াশায় ফেরি চলাচলের ক্ষেত্রে এটি (রাডার) বাংলাদেশে নতুন সংযোজন। এর আগে রাডার আনা হলেও দক্ষ জনশক্তি না থাকায় ব্যবহার হয়নি। তবে এবার কার্যকর হয়েছে। রাডারের মাধ্যমেই পুরো ম্যাপ উঠে আসছে। এতে পথের নির্দেশনা স্পষ্ট পাওয়া যাচ্ছে।