১১ ঘণ্টা বিলম্বে চলছে সব ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির প্রভাবে সিলেট-আখাউড়া রেলপথে চার দিন ধরে সব কটি ট্রেন প্রায় ১১ ঘণ্টা করে বিলম্বে চলাচল করছে। নাশকতার আশঙ্কায় ট্রেনে যাত্রীর উপস্থিতিও খুবই কম।
সিলেট-আখাউড়া রেলপথের শমশেরনগর স্টেশনমাস্টার আবদুল আজিজ জানান, অবরোধে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেন পারাবত, জয়ন্তিকা, কালনী, উপবন এক্সপ্রেস, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস চার দিন ধরে টানা ১১ ঘণ্টা করে বিলম্বে চলাচল করছে। চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে শুক্রবার রাত সাড়ে নয়টায় ছেড়ে আসার কথা থাকলেও পরদিন সকাল সাড়ে আটটায় ও ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন শুক্রবার রাত ১০টার পরিবর্তে পরদিন সকাল নয়টায় ছেড়ে আসে। একই অবস্থা দেখা যায় পাহাড়িকা, জয়ন্তিকা ও কালনী এক্সপ্রেসের ক্ষেত্রেও। ট্রেনের সময়সূচির বিপর্যয় আর নাশকতার আশঙ্কায় ট্রেনে যাত্রীদের উপস্থিতিও খুবই কম।
ভানুগাছ স্টেশনমাস্টার রুস্তম আলী ফকির বলেন, অবরোধের কারণে সব কটি ট্রেনের টিকিট সপ্তাহ খানেক আগেই বিক্রি করা হয়। তবে এখন যাত্রীরা টিকিট ফেরত দিচ্ছেন।
ট্রেনযাত্রী বিল্লাল ও নূর মিয়া বলেন, ‘দুদিন অপেক্ষা করে বিশেষ প্রয়োজনে ঢাকা যেতে হচ্ছে। কখন কোথায় কী ঘটে কে জানে? তার পরও ঝুঁকি নিয়েই কাজের প্রয়োজনে বের হতে হচ্ছে।’