১১ ঘণ্টার চেষ্টায় সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনটেইনার থেকে বের করার পর তেজস্ক্রিয়তাযুক্ত ধাতব বস্তুটি সংরক্ষণের জন্য পাত্রে রাখা হচ্ছে। গতকাল চট্টগ্রাম বন্দর থেকে তোলা ছবি l সৌরভ দাশ
কনটেইনার থেকে বের করার পর তেজস্ক্রিয়তাযুক্ত ধাতব বস্তুটি সংরক্ষণের জন্য পাত্রে রাখা হচ্ছে। গতকাল চট্টগ্রাম বন্দর থেকে তোলা ছবি l সৌরভ দাশ

দুই দিনে দীর্ঘ ১১ ঘণ্টার চেষ্টায় কনটেইনারের ভেতর থেকে তেজস্ক্রিয় বস্তুটি সফলভাবে সরাতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।
কনটেইনারের ভেতরে থাকা পুরোনো ইস্পাতের পণ্য সরিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা ৪০ মিনিটে তেজস্ক্রিয় এই বস্তুটি বের করা হয়। দেখতে আয়তাকার আকৃতির ধাতব এই বস্তুটি ছোট একটি পাত্রে সংরক্ষণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ২৩ জন বিজ্ঞানী তেজস্ক্রিয় বস্তুটি কনটেইনার থেকে সরানোর কাজে অংশ নেন। এর আগে গত মঙ্গলবার কীভাবে কাজটি করা হবে এর মহড়া দেন তাঁরা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ধাতব বস্তুর মধ্যে থাকা তেজস্ক্রিয় পদার্থের নাম ‘রেডিয়াম বেরিলিয়াম’। এর গায়ে প্রস্তুতকারক কোম্পানির নাম ছিল না। শিল্প-কারখানায় মান নিয়ন্ত্রণ কাজে এর ব্যবহার হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
পরমাণু শক্তি কমিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মাসুদ কামাল সাংবাদিকদের বলেন, তেজস্ক্রিয়তাযুক্ত বস্তুটি সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় আশপাশে থাকা কোনো বস্তু দূষিত হয়নি। এটি সরাসরি মানুষের সংস্পর্শে এলে বা গলিয়ে কোনো পণ্য প্রস্তুত করে ব্যবহার করা হলে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতো। এটি থেকে এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই।
মাসুদ কামাল জানান, তেজস্ক্রিয়তাযুক্ত বস্তু থেকে গামা রশ্মি ও নিউট্রন কণা নির্গত হয়। এর সক্রিয়তার মাত্রা ৫ থেকে ১০ মিলিকুরি (তেজস্ক্রিয়তার একক)। এতে তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া গেছে ঘণ্টায় ১২ হাজার মাইক্রোসিয়েভার্টস (তেজস্ক্রিয়তা থেকে যে বিকিরণ হয় তার একক)।
চট্টগ্রামের একটি কোম্পানি পুরোনো ইস্পাতপণ্যের এই কনটেইনারটি বন্দর দিয়ে ভারতে রপ্তানি করে। তবে ভারতে নেওয়ার আগে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে গত বছরের ২৯ এপ্রিল কনটেইনার পণ্যে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়। তখন কনটেইনারের বাইরে থেকে তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া যায় আট মাইক্রোসিয়েভার্টস (তেজস্ক্রিয়তা থেকে যে বিকিরণ হয় তার একক)। এরপরই এটি চট্টগ্রামে ফেরত পাঠানো হয়। চট্টগ্রামে পরমাণু শক্তি কমিশন ও পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিজ্ঞানীরা ঘণ্টায় ১০ মাইক্রোসিয়েভার্টস মাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত করেন। তেজিস্ক্রয়তা থাকায় পণ্যভর্তি কনটেইনারটি যুক্তরাষ্ট্রের অর্থায়নে বন্দরে স্থাপিত মেগাপোর্টস প্রকল্প থেকে তদারকি করা হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের রেডিয়েশন কন্ট্রোল ইউনিটের প্রধান মোফাজ্জল হায়দার সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কোন শিল্প-কারখানা বা অন্য কোনো জায়গায় কোন ধরনের ‘সোর্স’ (তেজস্ক্রিয় পদার্থ) ব্যবহার হচ্ছে তার তালিকা রয়েছে কর্তৃপক্ষের হাতে। কনটেইনারে যে তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেছে সেটি ওই তালিকায় নেই।
কনটেইনারের তেজস্ক্রিয় পণ্য সরাতে তিন দেশের ২৩ বিজ্ঞানীকনটেইনার থেকে তেজস্ক্রিয়তাযুক্ত পণ্যটি সরিয়ে নেওয়ার পর খালি কনটেইনারটিতে তেজস্ক্রিয়তার মাত্রা সহনীয় পর্যায়ে পাওয়া যায়। খালি কনটেইনারের গায়ে জরিপ চালিয়ে তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া যায় ঘণ্টায় দশমিক ২৫ মাইক্রোসিয়েভার্টস। এ অবস্থাকে নিরাপদ বলে জানান বিজ্ঞানীরা। তাঁরা বলেন, তেজস্ক্রিয়তাযুক্ত পণ্যটি কনটেইনার ও পুরোনো ইস্পাতপণ্যের সংস্পর্শে এলেও সেগুলোতে ক্ষতিকর মাত্রা পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আলমগীর কবীর বলেন, কনটেইনারে তেজস্ক্রিয়তাযুক্ত পণ্য থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রায় নয় মাস ধরে চলা টানা প্রক্রিয়ার অবসান হয়েছে।
চট্টগ্রাম বন্দরের মেগাপোর্টস প্রকল্পের প্রধান কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য থেকে তেজস্ক্রিয়তাযুক্ত পণ্য উদ্ধারের ঘটনা এটিই প্রথম। যুক্তরাষ্ট্রের এনার্জি বিভাগের সহায়তায় দেশি-বিদেশি বিজ্ঞানীরা দক্ষভাবে এই প্রক্রিয়া শেষ করেছেন। এর মাধ্যমে এ দেশের বিজ্ঞানীদেরও সক্ষমতা তৈরি হলো। তিনি জানান, তেজস্ক্রিয়তাযুক্ত পণ্যটি সংরক্ষণের জন্য সাভারে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের গবেষণাগারে পাঠানো হবে।
কনটেইনারটিতে থাকা পুরোনো ইস্পাতপণ্যের রপ্তানিকারক চট্টগ্রামের মাবিয়া স্টিল লিমিটেডের কর্ণধার মো. দিদারুল আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ঢাকাসহ দেশের নানা জায়গা থেকে পুরোনো ইস্পাতপণ্য সংগ্রহ করে রপ্তানি করেছি। রপ্তানির আগে একটি ভারতীয় প্রতিষ্ঠান কনটেইনার-পণ্যের তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষা করে। সে সময় তারা কিছু পায়নি। এখন তাদের ভুলের কারণে আর্থিক ক্ষতি হয়েছে আমার। এ জন্য আইনের আশ্রয় নেব।’