কেরানীগঞ্জে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মশিউল আজম অপহরণ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলার (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম প্রমুখ।
গত ১৩ মে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে চিতাখোলা এলাকা থেকে এসবির এসআই মশিউল আজম ও তাঁর সঙ্গী মো. আলমকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে চিতাখোলা এলাকার জঙ্গল থেকে তাঁদের উদ্ধার করে। অভিযানের বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা এসআই মশিউল আজমের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মশিউল আজম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১২ জুন মাদারীপুর থেকে রিপন মোল্লা, উজ্জ্বল বয়াতি ও সোহেল খান নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা অপহরণ ও লুটের বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ওই তিনজনের দেওয়া তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর থেকে গত রোববার সন্ধ্যায় আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন পারভেজ মোল্লা, পাপ্পু মোল্লা, সুজন সরকার, মিঠুন খান, জলিল, শিপন মোল্লা, বেলায়েত হোসেন ও সাদ্দাম ব্যাপারী।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই দলে ১৫-১৬ জন সদস্য আছেন। ইতিমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকা জেলার (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান বলেন, এসআই মশিউল আজম ও তাঁর সঙ্গী মো. আলমকে অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই তিন ব্যক্তির তথ্যের ভিত্তিতে আরও আটজন অপহরণকারীকে ছিনতাই করা দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। দুটি মোটরসাইকেলের একটি এসআই মশিউল আজমের।