১১ জন ডিলারের মধ্যে পণ্য তুলছেন ৩ জন
১৪ রোজা চলে গেলেও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১১ জন ডিলারের মধ্যে ৩ জন পণ্য তুলছেন। প্রথম বরাদ্দের পণ্য তুলে এক সপ্তাহের মধ্যে তা শেষ হলেও নিম্ন আয়ের লোকজন টিসিবির পণ্য কিনতে পারছেন না। প্রতিদিনই টিসিবির ডিলারদের কাছে পণ্য নিতে ভিড় করছেন ক্রেতারা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদরের হাসপাতাল মার্কেটে অবস্থিত মেসার্স তিতুমীর ট্রেডার্স থেকে পণ্য নিতে প্রতিদিন লোকজন ভিড় করছেন। তাঁর দোকানে ডাল ছাড়া অন্য কোনো পণ্য নেই। ডিলার আবদুর রাজ্জাক বলেন, ‘গত মাসের ১৫ তারিখে প্রথম কিস্তির বরাদ্দ পেয়েছি। পণ্য আনার কয়েক দিনের মধ্যেই সব পণ্য শেষ হয়ে গেছে। শুধু ডাল বিক্রি করা যায়নি। ডাল নিম্নমানের। ৮০ টাকা কেজি। এর চেয়ে কয়েক টাকা বেশি দিলেই বাজারে ভালো মানের ডাল পাওয়া যায়। তাই ডাল পড়ে আছে।’
গত শনিবার দুপুরে ডিলারের কাছ থেকে পণ্য নিতে এসেছেন রিকশাচালক বাবলু প্রামাণিক। তিনি বলেন, ‘রোজা লাগার পর মাল লেওয়ার জন্যি বেশ কয়েকবার ডিলারের দোকানত আসিছি। মাল আজ আসপে-কাল আসপে কয়। কিন্তু এখন পর্যন্ত এ দানা মাল পাইনি।’
টিসিবির ডিলার হওয়ার পরও পণ্য তোলেননি—এমন চার-পাঁচজন ডিলার অভিযোগ করে বলেন, ‘পণ্য নিয়ে এসে লাভের চেয়ে লোকসান গুনতে হয়। তাই পণ্য ওঠাই না।’
ইউএনও শাহেদ পারভেজ বলেন, ‘উপজেলায় মাত্র তিনজন ডিলার পণ্য তোলায় ক্রেতারা পণ্য পাচ্ছেন না।’