পবিত্র আশুরার মিছিলের প্রস্তুতি পর্বে গত শুক্রবার গভীর রাতে বোমা বিস্ফোরণে হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক।
গতকাল সোমবার ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর পক্ষ থেকে তাঁরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। সংগঠনটির অন্যতম আহ্বায়ক সারওয়ার আলীর সই করা বিবৃতিতে বলা হয়েছে, ‘পবিত্র আশুরার মিছিলের প্রস্তুতিপর্বে গভীর রাতে বোমা বিস্ফোরণে হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। কয়েক সপ্তাহ আগে পরিকল্পিত গুপ্তহত্যার শিকার হয়েছেন ঢাকার কূটনৈতিক এলাকা ও রংপুরের প্রত্যন্ত অঞ্চলে দুজন নিরীহ বিদেশি নাগরিক। ইতিপূর্বে মুক্তমনা ব্লগারদের হত্যা করা হয়েছে।’
বিবৃতিদাতাদের মধ্যে আছেন অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, সুলতানা কামাল, অজয় রায়, রানা দাশগুপ্ত, জিয়াউদ্দিন তারিক আলী, রামেন্দু মজুমদার, হারুন হাবীব, আবেদ খান ও এম এম আকাশ।
বিশিষ্ট এই নাগরিকেরা ঘটনার নিন্দা ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ঘৃণিত অপশক্তির লক্ষ্য শান্তিপূর্ণ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। বিজ্ঞপ্তি।